
নড়াইলে একটি মসজিদের নতুন কমিটি গঠন, আধিপত্য বিস্তার ও স্থানীয় কবরস্থানের কমিটি গঠনকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ শুক্রবার (২২ মে) সকাল ৮টার দিকে নড়াইল সদর উপজেলার হবখালী ইউনিয়নের সিংগা গ্রামের বণিকপাড়া (ব্যবসায়ীপাড়া) এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ, হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিংগা গ্রামের বণিকপাড়া জামে মসজিদ ও স্থানীয় কবরস্থানের কমিটি গঠন নিয়ে একই গ্রামের মতিয়ার রহমান ও আলম মিয়ার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধ মীমাংসা ও সমস্যা সমাধানের লক্ষ্যে শুক্রবার সকালে মসজিদের সামনে উভয় পক্ষকে নিয়ে একটি সালিশ বৈঠক বসে।
কিন্তু বৈঠক চলাকালীন কথাকাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষ লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই পক্ষের ১০ জন আহত হন। সংঘর্ষের পর স্থানীয় বাসিন্দারা আহতদের দ্রুত উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তাঁরা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মসজিদের কমিটি নিয়ে দুপক্ষের সংঘর্ষে ১০-১২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে এলাকার পরিস্থিতি সম্পূর্ণ শান্ত রয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় এখনো কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :