মধ্যরাতে বাইকে তরুণীকে বহনের ভাইরাল দৃশ্য, ছড়াচ্ছে রহস্য!


স্টার নিউজ এজেন্সি প্রকাশের সময় : অগাস্ট ২৮, ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন /
মধ্যরাতে বাইকে তরুণীকে বহনের ভাইরাল দৃশ্য, ছড়াচ্ছে রহস্য!

এসএনএ ডেস্ক:​ ঢাকা-টঙ্গী মহাসড়কে মধ্যরাতে এক রহস্যজনক ঘটনার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে তীব্র আলোড়ন তৈরি হয়েছে। একটি চলতে থাকা মোটরসাইকেলে দুই তরুণের মাঝে এক তরুণীকে সংজ্ঞাহীন অবস্থায় বহনের কয়েকটি ছবি ও তথ্য ফেসবুকে ভাইরাল হলে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়। ঘটনাটি ঢাকা উত্তর ও গাজীপুর এলাকার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও কৌতুহলের জন্ম দিয়েছে।

​প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৭ আগস্ট) শেষ রাতে (আনুমানিক ৩টা ১৫ মিনিটে) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিক থেকে আব্দুল্লাহপুর হয়ে টঙ্গীর দিকে একটি মোটরসাইকেল দ্রুতগতিতে যাচ্ছিল।

মোটরসাইকেলটির চালকের আসনে ছিলেন এক তরুণ, মাঝে অচেতন ভঙ্গিতে ছিলেন এক তরুণী এবং পেছনে আরেক তরুণ তাকে শক্ত করে ধরে রেখেছিলেন। তরুণীর দুই পা জুতাহীন অবস্থায় নিচের দিকে ঝুলছিল, যা দূর থেকে দেখলে কোনো মরদেহ বা মারাত্মক অসুস্থ মানুষকে বহনের মতো মনে হয়।

​উমরাহ সফর শেষ করে বগুড়া ফেরার পথে গাড়ি থেকে দৃশ্যটি দেখতে পেয়ে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন মাদরাসাতুল মাদীনা-বগুড়ার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মনোয়ার হোসেন। তিনি জানান, পরিস্থিতি সন্দেহজনক মনে হওয়ায় তিনি তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগের চেষ্টা করেও সংযোগ পাননি।

​এদিকে বিষয়টি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর নানামুখী মন্তব্যের জোগান দেখা যায়। জারা চৌধুরী রাত্রী নামের এক ব্যবহারকারী দাবি করেন, উত্তরা এলাকার একটি বারে অতিরিক্ত মদ্যপানের পর ওই তরুণী অসুস্থ হয়ে পড়লে তাকে বের করা হয়।

অন্য এক প্রত্যক্ষদর্শী রাকিব হোসেন জানান, ভোরের দিকে উত্তরা ফ্লাইওভারে তাদের দেখার পর প্রথমে মরদেহ মনে হলেও পরে আলোর প্রতিফলনে পা নাড়াতে দেখে তিনি নিশ্চিত হন তরুণী জীবিত ছিলেন। তবে এসব দাবির কোনোটিই স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।

​রহস্যজনক এই পরিবহন এবং তরুণীর সঠিক পরিচয় বা বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

​যোগাযোগ করা হলে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট হওয়া তথ্য ও ছবি পুলিশের নজরে এসেছে। মোটরসাইকেল ও সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্তে আইনগত ব্যবস্থা এবং তদন্ত শুরু হয়েছে। প্রকৃত ঘটনা উদঘাটন করে দ্রুতই বিস্তারিত জানানো হবে।’

এসএনএ/মানিক