ইরানে আপাতত হামলা নয়, চাপ বাড়াবে যুক্তরাষ্ট্র


স্টার নিউজ এজেন্সি প্রকাশের সময় : অগাস্ট ২৬, ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন /
ইরানে আপাতত হামলা নয়, চাপ বাড়াবে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্কঃ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মিত্র দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের জানিয়েছেন, আপাতত ইরানে নতুন করে বড় ধরনের সামরিক হামলার পরিকল্পনা নেই ওয়াশিংটনের। বরং নিষেধাজ্ঞা ও সামুদ্রিক চাপ বাড়িয়ে তেহরানকে চাপে রাখার কৌশল নিয়েছে ট্রাম্প প্রশাসন।
মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনটি দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, রুবিও সাম্প্রতিক ফোনালাপে যুক্তরাষ্ট্রের বর্তমান ইরান নীতি তুলে ধরেছেন। এতে নতুন হামলার বদলে নৌ অবরোধ ও ট্রেজারি বিভাগের নতুন নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোর কথা বলা হয়েছে।
একই সঙ্গে হরমুজ প্রণালি দিয়ে যতটা সম্ভব ইরানি তেল বিশ্ববাজারে পাঠানোর পরিকল্পনাও করছে ওয়াশিংটন। তবে ইরান আগে হামলা চালালে যুক্তরাষ্ট্র পাল্টা সামরিক পদক্ষেপ নিতে পারে বলে জানিয়েছেন রুবিও।
হরমুজ প্রণালিতে মার্কিন নৌবাহিনীর মাইন অপসারণ কার্যক্রমকে সম্ভাব্য গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখছেন এক মার্কিন কর্মকর্তা। তবে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি মার্কিন বাহিনী মাইন অপসারণ করেছে বা সেখানে মাইন অপসারণকারী জাহাজ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে—এমন খবর প্রত্যাখ্যান করেছেন।
ঘারিবাবাদি হুঁশিয়ার করে বলেছেন, মার্কিন মাইন অপসারণকারী জাহাজ হরমুজ প্রণালিতে প্রবেশ করলে সেগুলোকে ইরানের লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে।
অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান মার্কিন কৌশল মধ্যবর্তী নির্বাচন পর্যন্ত চলতে পারে। এরপর পরিস্থিতি অনুযায়ী আবারও সামরিক অভিযান শুরুর বিষয়টি বিবেচনা করতে পারে ওয়াশিংটন।

এসএনএ/রবিউল