সংসদের তৃতীয় অধিবেশন কাল, বাড়তি নিরাপত্তা জোরদার


স্টার নিউজ এজেন্সি প্রকাশের সময় : অগাস্ট ২৬, ২০২৬, ১:০৩ অপরাহ্ন /
সংসদের তৃতীয় অধিবেশন কাল, বাড়তি নিরাপত্তা জোরদার

ডেস্ক নিউজঃ আগামীকাল বুধবার বিকেল ৩টায় বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। রাজনৈতিক ও জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে আলোচনার কারণে এবারের অধিবেশন ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।
অধিবেশনে সংবিধান সংশোধন, সংসদীয় স্থায়ী কমিটি গঠন, গণভোটের বিধান ও জুলাই সনদ—এই চার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র বিতর্কের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এসব বিষয়ে দলগুলোর অবস্থান ও নীতিগত মতপার্থক্য স্পষ্ট হওয়ায় অধিবেশন উত্তপ্ত হয়ে উঠতে পারে।
সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন বা সংশোধনের প্রক্রিয়া নিয়েও রয়েছে মতবিরোধ। পাশাপাশি সংসদীয় স্থায়ী কমিটিতে বিরোধী দলের কার্যকর ভূমিকা এবং সভাপতি পদ বণ্টন নিয়েও টানাপড়েন তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
অধিবেশনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে প্রশাসন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, অধিবেশন চলাকালে সংসদ এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে নির্দেশনা মেনে চলতে হবে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা আইন ভঙ্গের ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।