পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে বিক্রেতা ও সেবকের কারাদণ্ড


স্টার নিউজ এজেন্সি প্রকাশের সময় : অগাস্ট ২৬, ২০২৬, ৭:৪২ অপরাহ্ন /
পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে বিক্রেতা ও সেবকের কারাদণ্ড

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে এক মাদক বিক্রেতা ও এক মাদকসেবীকে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
বুধবার (২৬ আগস্ট) উপজেলার ঝলমলিয়া বাজার এবং বানেশ্বর খুঁটিপাড়া এলাকায় পৃথকভাবে অভিযান পরিচালনা করেন পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ঝলমলিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে মোস্তাক আলীর ছেলে নুরুল ইসলাম নুরকে আটক করা হয়। প্রশাসনের দাবি, তিনি মাদক বিক্রির সঙ্গে জড়িত ছিলেন।
অন্যদিকে একই অভিযানে বানেশ্বর খুঁটিপাড়া এলাকা থেকে আব্দুল গফুরের ছেলে জব্বার আলীকে আটক করা হয়। তিনি মাদক সেবন করছিলেন বলে জানায় উপজেলা প্রশাসন।
আটকের পর তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদক বিক্রির অভিযোগে নুরুল ইসলাম নুরকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড এবং মাদক সেবনের দায়ে জব্বার আলীকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদক নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। বিশেষ করে যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা এবং এলাকার আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ স্বাভাবিক রাখতে মাদক বিক্রেতা ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এসএনএ/রবিউল