দাওকান্দি কলেজে বৃক্ষরোপণ: উন্নয়নের নতুন বার্তা এমপি নজরুলের, সাকলায়েনের উপস্থিতিতে প্রাণবন্ত মতবিনিময়


স্টার নিউজ এজেন্সি প্রকাশের সময় : অগাস্ট ২৪, ২০২৬, ৭:১২ অপরাহ্ন /
দাওকান্দি কলেজে বৃক্ষরোপণ: উন্নয়নের নতুন বার্তা এমপি নজরুলের, সাকলায়েনের উপস্থিতিতে প্রাণবন্ত মতবিনিময়

রবিউল ইসলাম,রাজশাহী ব্যুরোঃ বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বিএনপির ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি ডিগ্রি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) কলেজ ক্যাম্পাসে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ করেন রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম সাকলায়েন। তাঁর উপস্থিতিতে স্থানীয় নেতাকর্মী, শিক্ষক, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে কর্মসূচি ও মতবিনিময় সভা প্রাণবন্ত হয়ে ওঠে।

দাওকান্দি সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ এনামুল হকের সভাপতিত্বে এবং সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ রেজাউল করিম আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সামাদ ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জার্জিস হোসেন সোহেলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এর আগে সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম দাওকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দাওকান্দি উচ্চ বিদ্যালয় এবং দাউকান্দি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র পরিদর্শন করেন। পরে তিনি দাওকান্দি সরকারি ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

বৃক্ষরোপণ শেষে কলেজের প্রভাষকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন অধ্যাপক নজরুল ইসলাম। তিনি বলেন, দেশের মানুষের কল্যাণ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকারের গৃহীত পরিকল্পনা বাস্তবায়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন।

দেশের স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা তুলে ধরে এমপি নজরুল ইসলাম বলেন, তাঁদের আদর্শ ও গণতান্ত্রিক চেতনাকে ধারণ করে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

মতবিনিময় সভায় দাওকান্দি এলাকার উন্নয়ন নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়। স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, দাওকান্দি সরকারি ডিগ্রি কলেজে ছয়তলা ভবন নির্মাণ, কলেজে পরীক্ষা কেন্দ্র স্থাপন এবং এলাকায় একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে উঠে আসে। এসব উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম।

এ সময় গোলাম সাকলায়েনের মতো স্থানীয় পর্যায়ের অভিজ্ঞ রাজনৈতিক ও সমাজসেবী ব্যক্তিদের সক্রিয় ভূমিকা দাওকান্দির উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে মত দেন উপস্থিতরা।

বক্তারা বলেন, শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে বৃক্ষরোপণ ও বৃক্ষ সংরক্ষণে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক নেতাকর্মী ও স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

এসএনএ/রবিউল