
রাজশাহী ব্যুরোঃ ‘ক্যান্সার মানেই মৃত্যু নয়, সঠিক চিকিৎসায় সুস্থতা সম্ভব’—এই বার্তাকে সামনে রেখে ভারতে আধুনিক ক্যান্সার চিকিৎসার সুযোগ, প্রযুক্তি ও সেবার মান নিয়ে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে মতবিনিময় সভা। বুধবার (১২ আগস্ট) নগরের রানীবাজারের একটি রেস্তোরাঁয় আয়োজিত এ অনুষ্ঠানে কলকাতার নিউ টাউনে অবস্থিত HCG Cancer Centre-এর চিকিৎসাসেবা ও আধুনিক প্রযুক্তির বিভিন্ন দিক তুলে ধরা হয়।
আয়োজকেরা জানান, উন্নতমানের ক্যান্সার চিকিৎসা তুলনামূলক সাশ্রয়ী ব্যয়ে রোগীদের কাছে পৌঁছে দেওয়াই তাদের অন্যতম লক্ষ্য। এ উদ্দেশ্যে আধুনিক চিকিৎসা প্রযুক্তি, বিশেষায়িত সেবা এবং রোগীকেন্দ্রিক চিকিৎসাপদ্ধতির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহীর শাহ মখদুম কলেজের মনোবিজ্ঞান বিভাগের প্রধান ড. সুলতান মাহমুদ রেজা, HCG Cancer Centre-এর আন্তর্জাতিক রোগীসেবা বিভাগের প্রতিনিধি সৌভিক সাম, আস্থা মেডিকেল ট্যুরিজম, ঢাকার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. কাউছারুল হক খান এবং রাজশাহী সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মমিনুল হক মমিন।
অনুষ্ঠানে জানানো হয়, HCG Cancer Centre-এ সার্জিক্যাল অনকোলজি, রেডিয়েশন অনকোলজি ও মেডিক্যাল অনকোলজির পাশাপাশি হেমাটোলজি, বোন ম্যারো ট্রান্সপ্লান্ট, শিশু ক্যান্সার চিকিৎসা, নিউক্লিয়ার মেডিসিন, প্যালিয়েটিভ কেয়ার এবং ডে-কেয়ার কেমোথেরাপির মতো বিশেষায়িত সেবা রয়েছে।
ক্যান্সারের ধরন ও পর্যায় অনুযায়ী রোগীর জন্য আলাদা চিকিৎসা পরিকল্পনা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়। অস্ত্রোপচারের ক্ষেত্রে কম কাটাছেঁড়া এবং সম্ভব হলে আক্রান্ত অঙ্গ সংরক্ষণের বিষয়টিও বিবেচনায় নেওয়া হয় বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।
ক্যান্সার চিকিৎসায় সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারের কথাও তুলে ধরা হয় সভায়। এর মধ্যে রয়েছে da Vinci X Robotic Surgical System, Radixact X9 Radiation TomoTherapy, Elekta Versa HD, PET-CT, CAR T-cell Therapy এবং CliniMACS Cell Separation System।
সংশ্লিষ্টদের ভাষ্য, এসব প্রযুক্তি ক্যান্সার শনাক্তকরণ, চিকিৎসা পরিকল্পনা, অস্ত্রোপচার এবং রেডিয়েশন থেরাপিকে আরও নির্ভুল ও রোগীকেন্দ্রিক করতে সহায়তা করতে পারে। রক্তের ক্যান্সারে আক্রান্ত রোগীদের জন্য স্টেম সেল ট্রান্সপ্লান্ট এবং নির্বাচিত রোগীদের ক্ষেত্রে CAR T-cell Therapy-এর মতো আধুনিক চিকিৎসার সুযোগও রয়েছে বলে জানানো হয়।
রাজশাহীতে আয়োজিত ‘Partners Meet’ অনুষ্ঠানের মূল বার্তা ছিল—‘Stronger Together, Shared Purpose, Better Outcomes, Adding Life to Years’। পারস্পরিক সহযোগিতা ও অভিন্ন লক্ষ্য নিয়ে কাজের মাধ্যমে চিকিৎসার ফলাফল উন্নত করা এবং রোগীদের জীবনকে আরও স্বস্তিদায়ক করাই এর উদ্দেশ্য বলে জানানো হয়।
অনুষ্ঠানে রাজশাহীর কয়েকজন চিকিৎসক ও ক্যান্সার বিশেষজ্ঞের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় হয়। তাঁরা বলেন, আধুনিক প্রযুক্তি ও বিশেষায়িত চিকিৎসাসেবার সমন্বয়ে ক্যান্সার চিকিৎসার সুযোগ সম্প্রসারণ নিঃসন্দেহে ইতিবাচক উদ্যোগ। তবে উন্নত চিকিৎসার পাশাপাশি রোগী ও পরিবারের আর্থিক সক্ষমতার বিষয়টিও সমান গুরুত্ব দিয়ে বিবেচনা করা প্রয়োজন।
সংশ্লিষ্ট ব্যক্তিরা আরও বলেন, ক্যান্সারের চিকিৎসা অনেক ক্ষেত্রে দীর্ঘমেয়াদি ও ব্যয়বহুল হওয়ায় চিকিৎসার সম্ভাব্য খরচ রোগী ও স্বজনদের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের বিষয়। তাই উন্নত চিকিৎসা সাশ্রয়ী ব্যয়ে মানুষের নাগালের মধ্যে নিয়ে আসার উদ্যোগ প্রয়োজন।
তবে চিকিৎসার ধরন, সম্ভাব্য ফলাফল এবং মোট ব্যয় সব রোগীর ক্ষেত্রে এক নয়। ক্যান্সারের ধরন, রোগের পর্যায়, রোগীর শারীরিক অবস্থা এবং প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতির ওপর এসব বিষয় নির্ভর করে।
এ কারণে বিদেশে চিকিৎসা নেওয়ার সিদ্ধান্তের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে নির্ধারিত চিকিৎসাপদ্ধতি, সম্ভাব্য ফলাফল, চিকিৎসার সময়কাল এবং মোট ব্যয়ের বিস্তারিত তথ্য জেনে নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
মতবিনিময় সভায় বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, আধুনিক প্রযুক্তি, বিশেষায়িত চিকিৎসা ও আন্তর্জাতিক সহযোগিতার সমন্বয়ে ক্যান্সার চিকিৎসায় রোগীদের জন্য আরও কার্যকর ও মানসম্মত সেবার সুযোগ তৈরি হতে পারে।
আপনার মতামত লিখুন :