
নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ২ হাজার ১০০ পিস ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় মহানগরীর রাজপাড়া থানাধীন লক্ষীপুর প্যারামেডিকেল রোডের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন—মোসাঃ জান্নাতুল ফেরদৌসী রত্না (২৯) ও তাঁর স্বামী মোঃ আসাদুজ্জামান (৩৮)।
ডিএনসি সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারির পর গোপন তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলা কার্যালয়ের ‘ক’ সার্কেলের একটি দল অভিযান পরিচালনা করে। উপপরিচালক মোঃ মেহেদী হাসানের তত্ত্বাবধানে এবং পরিদর্শক এ.এস.এম মঈনউদ্দীন কবিরের নির্দেশনায় উপপরিদর্শক আল আমিনের নেতৃত্বে দলটি ম্যাংগো টাওয়ারের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে অভিযান চালায়।
অভিযানকালে দম্পতির হেফাজতে থাকা জিপারযুক্ত পলি প্যাকেট ও টিস্যু ব্যাগ তল্লাশি করে ২ হাজার ১০০ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দ করা এসব ট্যাবলেটের মোট ওজন ২১০ গ্রাম বলে জানিয়েছে ডিএনসি।
সংস্থাটির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন দেশের বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে রাজশাহীর বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা জানিয়েছে।
এ ঘটনায় রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
ডিএনসির রাজশাহী জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ মেহেদী হাসান জানান, জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য যাচাই-বাছাই করে মাদক সরবরাহের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আইনের আওতায় আনার কার্যক্রম চলছে। মাদকের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।
আপনার মতামত লিখুন :