গোদাগাড়ীতে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ


স্টার নিউজ এজেন্সি প্রকাশের সময় : অগাস্ট ১৬, ২০২৬, ৭:৪৫ পূর্বাহ্ন /
গোদাগাড়ীতে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ

মোঃ রবিউল ইসলাম মিনাল,গোদাগাড়ী,রাজশাহীঃ রাজশাহীর গোদাগাড়ীতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) গোদাগাড়ী বিএনপির দলীয় কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গোদাগাড়ী পৌর শাখা। গোদাগাড়ী পৌরসভার মেয়র পদপ্রার্থী মো. অলিউল্লাহ রনির নেতৃত্বে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও দেশের মানুষের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের নেতাকর্মীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্যও দোয়া করা হয়।

দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত আলোচনায় মো. অলিউল্লাহ রনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ভূমিকা গুরুত্বপূর্ণ। নানা প্রতিকূলতার মধ্যেও তিনি তাঁর রাজনৈতিক অবস্থানে অটল ছিলেন বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, জন্মবার্ষিকীর এ আয়োজনে নেত্রীর জন্য দোয়া করার পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে বিভেদ ভুলে ঐক্য, সম্প্রীতি, ন্যায়বিচার এবং মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় নিতে হবে।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি এবং দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন ও দেশের রাজনীতিতে তাঁর ভূমিকার কথা স্মরণ করেন।