
মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দুর্বৃত্তদের হামলায় রাজপতি (৩৫) নামে এক ভ্যানচালক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার চৌডালা ইউনিয়নের পুষকুনি এলাকায় এ ঘটনা ঘটে।
আহত রাজপতি ভোলাহাট উপজেলার দলদলি ইউনিয়নের নামো মুশরীভুজা বিন্দুপাড়া গ্রামের ওকিলের ছেলে। স্থানীয়দের ভাষ্য, শিবগঞ্জ থেকে ভ্যান চালিয়ে বাড়ি ফেরার পথে পুষকুনি এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তাঁর গতিরোধ করে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাঁর পিঠে আঘাত করে হামলাকারীরা।
আঘাতে রাজপতি মাটিতে লুটিয়ে পড়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। এ সময় হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে, ধারালো অস্ত্রের আঘাতে তাঁর ফুসফুসে গুরুতর ক্ষত হয়েছে।
এদিকে ঘটনার পর ভ্যানটি উদ্ধার করেছে পুলিশ।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, ভ্যানচালককে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার ঘটনা ঘটেছে। আহত ব্যক্তিকে প্রথমে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে তাঁকে রাজশাহীতে রেফার করা হয়েছে।
ওসি বলেন, ঘটনাটি ছিনতাইয়ের উদ্দেশ্যে ঘটানো হয়েছে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে—তা তদন্ত করে দেখা হচ্ছে। হামলায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
আপনার মতামত লিখুন :