
সমিত রায়,বাগমারা, রাজশাহীঃ রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ ও তাহেরপুর পৌর এলাকার রানী ও বারানই নদীতে অভিযান চালিয়ে প্রায় দুই লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।শনিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মোট ৫৫টি নিষিদ্ধ জাল উদ্ধার করা হয়।স্থানীয় সূত্রে জানা যায়, ভবানীগঞ্জ পৌরসভার পাশ দিয়ে প্রবাহিত রানী নদী এবং তাহেরপুর পৌরসভার পাশের বারানই নদীতে দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যক্তি চায়না দুয়ারী জাল ব্যবহার করে বিভিন্ন প্রজাতির মাছের পোনা ও জলজ প্রাণী নিধন করে আসছিল। এতে নদীর প্রাকৃতিক মৎস্যসম্পদ হুমকির মুখে পড়ায় স্থানীয় বাসিন্দারা উপজেলা মৎস্য দপ্তরে অভিযোগ করেন।অভিযোগের বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি)কে জানানো হলে প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনার উদ্যোগ নেওয়া হয়। পরে সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমানের নেতৃত্বে উপজেলা মৎস্য কর্মকর্তা আক্তারুজ্জামান ও পুলিশের সদস্যরা বাগমারা থানার পূর্ব পাশে বারানই ও রানী নদীর সংযোগস্থলে অভিযান চালান।অভিযান পরিচালনার বিষয়টি টের পেয়ে জেলেরা নদীতে জাল ফেলে ঘটনাস্থল থেকে সরে যায়। পরে নদী থেকে ৫৫টি চায়না দুয়ারী জাল উদ্ধার করা হয়।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান জানান, মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে চায়না দুয়ারী জাল নিষিদ্ধ। তাই জব্দ করা জালগুলো নিয়ম অনুযায়ী পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। ভবিষ্যতেও নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ ও জলজ প্রাণী ধ্বংসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :