
স্টাফ রিপোর্টার: রাজশাহীর চারঘাট থানায় দায়ের করা একটি চুরি মামলার তদন্তে পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি চোরাই বৈদ্যুতিক মিটার উদ্ধার করা হয়েছে। পাশাপাশি চুরির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি প্লাস জব্দ করা হয়।
শনিবার (১৫ আগস্ট) চারঘাট সার্কেলের নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মো. মনিরুল ইসলামসহ পুলিশের একটি দল ঈশ্বরদী থানা এলাকায় অভিযানটি পরিচালনা করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঈশ্বরদী উপজেলার আরামবাড়ীয়া বাজার এলাকার উত্তম মালীর ছেলে উজ্জল মালী (২৪) এবং একই উপজেলার আরামবাড়ীয়া মধ্যপাড়া এলাকার মো. তোফাজ্জল হোসেন অলিফের ছেলে মো. উল্লাস মালিথা (২২)।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৯ আগস্ট চারঘাট থানায় দায়ের করা মামলা নম্বর-৩-এ দণ্ডবিধির ৩৭৯ ধারায় চুরির অভিযোগ তদন্ত করতে গিয়ে ওই দুইজনের বিষয়ে তথ্য পাওয়া যায়। তদন্তের একপর্যায়ে প্রযুক্তিগত তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে তাদের অবস্থান শনাক্ত করে ঈশ্বরদী এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে দুজনকে আটক করার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশের দাবি, তাদের দেওয়া তথ্য অনুযায়ী একটি বৈদ্যুতিক মিটার উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চুরির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও প্লাস জব্দ করা হয়।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বলেন, চুরি মামলার তদন্তে পাওয়া বিভিন্ন তথ্য ও প্রযুক্তিগত সহায়তায় সন্দেহভাজনদের শনাক্ত করা হয়। পরে ঈশ্বরদীতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চোরাই বৈদ্যুতিক মিটার এবং চুরির কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও প্লাস উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, চুরি ও অন্যান্য অপরাধ প্রতিরোধে চারঘাট থানা পুলিশের অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুইজনকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য আদালতে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :