
এসএনএ ডেস্ক: উত্তর-পূর্ব আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে অন্তত ১২ জন নিহত এবং ৫৪ জন আহত হয়েছেন। ভয়াবহ দাবানল থেকে বাঁচতে চারদিকে আল্লাহু আকবার ধ্বনি শোনা গেছে সম্প্রতি ভাইরাল ভিডিওতে। এই তীব্র তাপপ্রবাহের কারণে একদিনেই দেশজুড়ে ১৫৪টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে ডজনখানেক পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাঈদ সাইউদ বুধবার সাংবাদিকদের জানান, নিহতদের মধ্যে জিজেল প্রদেশে ৫ জন, বেজাইয়া প্রদেশে ৪ জন এবং তিজি উজু প্রদেশে ৩ জন রয়েছেন। তিনি বেজাইয়ার সুক এল থেনিন শহরের একটি হাসপাতালে আহতদের চিকিৎসা পরিস্থিতি পরিদর্শন করেন। সেখানে দগ্ধ ও ধোঁয়ায় আক্রান্ত অন্তত ৫৪ জন রোগী চিকিৎসাধীন আছেন, যাদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক।
সরকারি বার্তা সংস্থা আলজেরিয়া প্রেস সার্ভিস জানিয়েছে, বুধবার দেশজুড়ে ১৫৪টি দাবানলের মধ্যে বেজাইয়া প্রদেশেই ৩৬টি আগুন লাগে, যার মধ্যে ১৮টি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। স্কিকদা, এল তার্ফ, বুইরা, তিজি উজু ও তেবেসা প্রদেশে আগুন নিয়ন্ত্রণে এলেও বেজাইয়ার ১৮টি এবং জিজেলের ১২টি এলাকায় এখনো আগুন জ্বলছে।
স্থানীয় গণমাধ্যমে প্রচারিত ছবিতে দেখা গেছে, ঘন ধোঁয়া থেকে বাঁচতে বাসিন্দারা একটি ডাকঘরে আশ্রয় নিয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় দমকল বাহিনী নিরলসভাবে কাজ করছে।
প্রতিবছর গ্রীষ্মকালে আলজেরিয়ায় ভয়াবহ দাবানল দেখা দেয়। গত মাসেই এমন অগ্নিকাণ্ডে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছিল। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন, দীর্ঘস্থায়ী খরা এবং তীব্র গরমের কারণে এ ধরনের আগুনের ঝুঁকি দিন দিন বাড়ছে।
এসএনএ/মানিক
আপনার মতামত লিখুন :