ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই সমৃদ্ধ দুর্গাপুর— সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে নবাগত ইউএনও উম্মে হাবিবা ফারজানা


বার্তা বিভাগ প্রকাশের সময় : জুলাই ২৪, ২০২৬, ১:০৩ পূর্বাহ্ণ /
ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই সমৃদ্ধ দুর্গাপুর— সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে নবাগত ইউএনও উম্মে হাবিবা ফারজানা

রাজশাহী ব্যুরো: রাজশাহীর দুর্গাপুর উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা বলেছেন, সমৃদ্ধ, উন্নত ও বৈষম্যহীন দুর্গাপুর গড়ে তুলতে প্রশাসন, সাংবাদিক, জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণের কোনো বিকল্প নেই। তিনি উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে সাংবাদিকদের গঠনমূলক সহযোগিতা কামনা করেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল ৪টায় উপজেলা পরিষদ সভাকক্ষে দুর্গাপুর স্বচ্ছ প্রেসক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উল্লেখ্য, গত ১৫ জুলাই সরকারের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে উম্মে হাবিবা ফারজানা দুর্গাপুর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে স্থানীয় সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে ধারণা নিচ্ছেন।
সভায় প্রেসক্লাবের পক্ষ থেকে বক্তব্য দেন দুর্গাপুর স্বচ্ছ প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক তুহিন, সাংগঠনিক সম্পাদক সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব এবং আইন বিষয়ক সম্পাদক আলামিন হক বিজয়।
বক্তব্যে আলামিন হক বিজয় বলেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। দেশের উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনার চিত্র জনগণের সামনে তুলে ধরতে সাংবাদিকদের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। তিনি সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা ও হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি বলেন, একটি সমৃদ্ধ দুর্গাপুর গড়ে তুলতে সাংবাদিক সমাজ সবসময় প্রশাসনের পাশে থেকে ইতিবাচক ভূমিকা পালন করবে।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মিজান মাহি, খুরশেদ আলম, হাসিবুল ইসলাম, জিল্লুর রহমান, জাকির হোসেন, রবিউল ইসলাম, নাঈম আহমেদ, মামুনুর রশিদসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
সভাপতির বক্তব্যে ইউএনও উম্মে হাবিবা ফারজানা বলেন, একটি সমৃদ্ধ, উন্নত ও বৈষম্যহীন দুর্গাপুর উপজেলা গড়ে তোলা আমাদের সবার প্রত্যাশা। এই লক্ষ্য অর্জনে মেধাভিত্তিক সমাজ, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং টেকসই অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দুর্গাপুরকে একটি আত্মনির্ভরশীল ও আধুনিক উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।
তিনি আরও বলেন, মানসম্মত শিক্ষা, অর্থনৈতিক অগ্রগতি, সুশাসন, ন্যায়বিচার, প্রযুক্তি ও উদ্ভাবনের প্রসার এবং মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠার মতো লক্ষ্য অর্জনে প্রশাসন ও জনগণের পাশাপাশি সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপজেলার সার্বিক উন্নয়নে তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।