
রাজশাহী ব্যুরোঃ রাজশাহীর দুর্গাপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সুখানদিঘী বটতলা থেকে শানপুকুরিয়া উত্তরপাড়া পর্যন্ত দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়া সড়কটি অবশেষে নিজ অর্থায়নে সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল খালেক। তাঁর এই উদ্যোগে এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তির অবসান হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ও সন্তোষের পরিবেশ সৃষ্টি হয়েছে।
দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হওয়ায় পথচারী, মোটরসাইকেল আরোহী ও অন্যান্য যানবাহন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো উদ্যোগ না থাকায় ক্ষোভ বাড়ছিল সাধারণ মানুষের মধ্যে।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল থেকে নিজস্ব অর্থায়নে ইটের খোয়া ও বালি ব্যবহার করে সড়কটির সংস্কারকাজ শুরু করেন আব্দুল খালেক। দিনব্যাপী চলা এ কার্যক্রমের ফলে বহুদিন পর সড়কটি চলাচলের উপযোগী হয়ে ওঠে। এতে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেন এবং উদ্যোগটির প্রশংসা করেন।
স্থানীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. মোস্তফা বলেন, সড়কটি সংস্কারের দাবিতে পৌরসভা ও বিএনপির বিভিন্ন নেতার কাছে একাধিকবার আবেদন জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। পরে বিষয়টি কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল খালেককে জানানো হলে তিনি দ্রুত নিজ উদ্যোগে ও নিজ অর্থায়নে সংস্কারের ব্যবস্থা করেন। তিনি বলেন, “এটি একটি মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ। আমরা তাঁর এই কাজকে সাধুবাদ জানাই এবং ভবিষ্যতেও তিনি যেন মানুষের পাশে থেকে কাজ করতে পারেন, সেই প্রত্যাশা করি।”
কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল খালেক বলেন, ২০০১ সালে ছাত্ররাজনীতির মাধ্যমে আমার রাজনৈতিক যাত্রা শুরু। এরপর থেকে দল-মত নির্বিশেষে এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। জনগণের সেবাই আমার রাজনীতির মূল লক্ষ্য। ভবিষ্যতে ৮ নম্বর ওয়ার্ডের মানুষের প্রতিনিধি হওয়ার সুযোগ পেলে এলাকার উন্নয়নে আরও আন্তরিকভাবে কাজ করব। এজন্য সবার দোয়া ও সমর্থন কামনা করছি।
এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিনের দুর্ভোগের পর সড়কটি সংস্কার হওয়ায় তারা স্বস্তি ফিরে পেয়েছেন। তাদের মতে, জনপ্রতিনিধি ও সমাজসেবীরা যদি এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখেন, তবে এলাকার অবকাঠামোগত সমস্যাগুলোর দ্রুত সমাধান হবে এবং সাধারণ মানুষের দুর্ভোগও অনেকাংশে কমে আসবে।
আপনার মতামত লিখুন :