শিক্ষা ও অবকাঠামো উন্নয়নের রূপকার মাহফুজুল আলম, ২৩ জুলাই অবসর


বার্তা বিভাগ প্রকাশের সময় : জুলাই ২, ২০২৬, ৫:১৭ অপরাহ্ণ /
শিক্ষা ও অবকাঠামো উন্নয়নের রূপকার মাহফুজুল আলম, ২৩ জুলাই অবসর

রাজশাহী ব্যুরোঃ রাজশাহী, গোদাগাড়ী: এক যুগেরও বেশি সময় ধরে দূরদর্শী নেতৃত্ব, সুশাসন ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পিরিজপুর উচ্চ বিদ্যালয়কে শিক্ষার মান ও অবকাঠামোগত উন্নয়নের অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন প্রধান শিক্ষক মাহফুজুল আলম। আগামী ২৩ জুলাই দীর্ঘ কর্মজীবনের ইতি টেনে অবসরে যাচ্ছেন তিনি। বিদায়বেলায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়া চেয়েছেন এই শিক্ষানুরাগী।
২০১৩ সালে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণের সময় বিদ্যালয়ের শিক্ষা পরিবেশ ও অবকাঠামো বর্তমানের মতো উন্নত ছিল না। দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি পরিকল্পিত উন্নয়ন, সরকারি বরাদ্দের যথাযথ ব্যবহার এবং স্বচ্ছ প্রশাসনিক ব্যবস্থাপনার মাধ্যমে বিদ্যালয়ের আমূল পরিবর্তনে কাজ শুরু করেন।
তাঁর নেতৃত্বে বিদ্যালয়ে নির্মিত হয়েছে আধুনিক ডিজিটাল ল্যাব, ভোকেশনাল ভবন, সাইকেল গ্যারেজ, দৃষ্টিনন্দন প্রধান ফটক, বাউন্ডারি ওয়াল, সমৃদ্ধ লাইব্রেরি, মনোরম ফুলের বাগান এবং আধুনিক শিক্ষক মিলনায়তন। এসব উন্নয়ন বিদ্যালয়ের শিক্ষা পরিবেশকে আরও আকর্ষণীয় ও শিক্ষাবান্ধব করে তুলেছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে প্রায় ৬৫০ জন শিক্ষার্থী এখানে অধ্যয়ন করছে। অতীতে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১১০০ হলেও সরকারি নীতিমালার আলোকে বর্তমানে নির্ধারিত সংখ্যক শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে। শিক্ষার্থীর সংখ্যা কমলেও শিক্ষার মানে কোনো ঘাটতি আসেনি; বরং ধারাবাহিকভাবে ভালো ফলাফল ধরে রেখেছে প্রতিষ্ঠানটি।
এরই ধারাবাহিকতায় ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষায় গোদাগাড়ী উপজেলার সব বিদ্যালয়ের মধ্যে সর্বোচ্চ ১৭ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করে পিরিজপুর উচ্চ বিদ্যালয় প্রথম স্থান অর্জন করে। শিক্ষকরা এ সাফল্যের পেছনে নিয়মিত পাঠদান, কার্যকর তদারকি, শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতা এবং সুশৃঙ্খল ব্যবস্থাপনাকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন।
অভিভাবকদের মতে, মাহফুজুল আলম শুধু একজন প্রধান শিক্ষক নন, তিনি একজন দক্ষ সংগঠক, সৎ প্রশাসক এবং শিক্ষার উন্নয়নে নিবেদিতপ্রাণ মানুষ। তাঁর হাত ধরেই বিদ্যালয়ে শিক্ষা, শৃঙ্খলা ও সার্বিক উন্নয়নের নতুন অধ্যায়ের সূচনা হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একটি সূত্র জানায়, পরিকল্পিত উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে মাহফুজুল আলম পিরিজপুর উচ্চ বিদ্যালয়কে উপজেলার অন্যতম সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত করেছেন। শিক্ষা ক্ষেত্রে তাঁর অবদান দীর্ঘদিন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।
তবে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা জানান, উল্লেখযোগ্য উন্নয়ন সত্ত্বেও এখনো একটি আধুনিক বহুতল একাডেমিক ভবনের প্রয়োজন রয়েছে। তাঁদের দাবি, নতুন ভবন নির্মাণ করা হলে শিক্ষার্থীরা আরও উন্নত ও আনন্দদায়ক পরিবেশে পাঠ গ্রহণের সুযোগ পাবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
অবসর গ্রহণ উপলক্ষে প্রধান শিক্ষক মাহফুজুল আলম বলেন, “দীর্ঘ কর্মজীবনে সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধ নিয়ে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার চেষ্টা করেছি। সহকর্মী, অভিভাবক এবং স্থানীয় মানুষের সহযোগিতা ছাড়া এসব অর্জন সম্ভব হতো না। জীবনের আগামী দিনগুলো যেন সুস্থ ও সুন্দরভাবে কাটাতে পারি, সে জন্য সবার কাছে দোয়া চাই।”
আগামী ২৩ জুলাই তাঁর অবসরকে কেন্দ্র করে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয়দের মধ্যে আবেগঘন পরিবেশ বিরাজ করছে। সবার প্রত্যাশা, তাঁর দেখানো উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নের পথ অনুসরণ করে পিরিজপুর উচ্চ বিদ্যালয় ভবিষ্যতেও সাফল্যের ধারা অব্যাহত রাখবে।