
মোঃ রবিউল ইসলাম মিনাল, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ী ও বাঘা উপজেলায় পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও থানা পুলিশ। এ সময় একটি প্রাইভেটকারসহ ৪৫০ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় সিরাপ ‘এসকাফ’ এবং ৬৮ পিস ইয়াবা জব্দ করা হয়। অভিযানে তিনজনকে গ্রেফতার করা হলেও আরও ছয়জন সন্দেহভাজন মাদক কারবারি পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ জুন রাতে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের গোদাগাড়ী উপজেলার সারোইল এলাকায় জেলা ডিবি পুলিশের একটি দল চেকপোস্ট পরিচালনা করছিল। গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে, চাঁপাইনবাবগঞ্জ থেকে একটি প্রাইভেটকারে করে মাদক রাজশাহীর দিকে আনা হচ্ছে।
তথ্যের ভিত্তিতে রাত প্রায় ১১টার দিকে ‘ঢাকা মেট্রো-গ-১৭-১২৪৭’ নম্বরের একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে গাড়িটির ডিকিতে থাকা তিনটি কার্টন থেকে মোট ৪৫০ বোতল নিষিদ্ধ এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেফতার হন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বহলাবাড়ি কানসাট এলাকার মাহাবুব আলম (২৭) এবং গুয়াবাড়ি চাঁদপুর গ্রামের কাওসার আলী (২১)।
অন্যদিকে একই রাতে বাঘা উপজেলার দক্ষিণ গাওপাড়া এলাকার একটি আমবাগানে অভিযান চালায় বাঘা থানা পুলিশ। অভিযানের সময় শাকিব হাসান নামের এক ব্যক্তিকে ৬৮ পিস ইয়াবাসহ আটক করা হয়।
তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে আরও ছয়জন পালিয়ে যেতে সক্ষম হয়। পলাতক ব্যক্তিদের মধ্যে রয়েছেন সোহান, বুদু, শিমুল, পলাশ, সাগর ও রাসেল। তাদের সবার বাড়ি বাঘা থানা এলাকার বিভিন্ন গ্রামে বলে জানিয়েছে পুলিশ।
রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন জানান, উদ্ধার হওয়া এসকাফ সিরাপ ও ইয়াবার ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী গোদাগাড়ী ও বাঘা থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। তিনি বলেন, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে এবং জড়িতদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আপনার মতামত লিখুন :