দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির রাজশাহীতে শুভ সূচনায় ভূমি মন্ত্রী


বার্তা বিভাগ প্রকাশের সময় : জুন ১৩, ২০২৬, ৮:১০ অপরাহ্ণ /
দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির রাজশাহীতে শুভ সূচনায় ভূমি মন্ত্রী

রবিউল ইসলামঃ পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ‘আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ অঙ্গীকার বাস্তবায়নে দেশজুড়ে এক মহোৎসবের সূচনা হয়েছে। আজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি কক্সবাজার জেলার চকরিয়ার মালুমঘাট সংরক্ষিত বনাঞ্চলে সশরীরে বৃক্ষরোপণ করে এই যুগান্তকারী দেশব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

প্রধানমন্ত্রীর এই উদ্বোধনের সাথে সংহতি প্রকাশ করে আজ রাজশাহী জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের যৌথ উদ্যোগে বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে একযোগে এই বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করা হয়।

রাজশাহীতে আয়োজিত এই জমকালো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোঃ মিজানুর রহমান মিনু, এমপি।

এছাড়াও পরিবেশ রক্ষার এই মহা-আয়োজনে উপস্থিত ছিলেন, ড. আ. ন. ম. বজলুর রশীদ( বিভাগীয় কমিশনার, রাজশাহী বিভাগ),জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন(মাননীয় প্রশাসক, রাজশাহী সিটি কর্পোরেশন),জনাব মোহাম্মদ শাহজাহান(পিপিএম (বার), পিএইচডি, ডিআইজি, রাজশাহী রেঞ্জ), জনাব মোহাম্মদ ফয়েজুল কবির(কমিশনার, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ),কাজী শহিদুল ইসলাম( জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, রাজশাহী),মোহাম্মদ নাঈমুল হাছান(পুলিশ সুপার, রাজশাহী জেলা),ড. মোঃ জাহাঙ্গীর আলম( বিভাগীয় বন কর্মকর্তা, সামাজিক বন বিভাগ, রাজশাহী)।

অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিশিষ্ট জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত থেকে কর্মসূচিকে প্রাণবন্ত করে তোলেন।

সবুজায়নের এই বিশেষ কর্মসূচির আওতায় পরিবেশের বৈচিত্র্য রক্ষা এবং পুষ্টির চাহিদা পূরণের লক্ষ্যে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি চারা রোপণ করা হয়।

বক্তারা বলেন, এই বিশাল বৃক্ষরোপণ কর্মসূচি দেশের বনায়ন বৃদ্ধি করার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও জলবায়ু-সহনশীল বাংলাদেশ গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করবে।