
রাজশাহী ব্যুরো: রাজশাহী জেলা ছাত্রদলের সাম্প্রতিক সিদ্ধান্তে দুর্গাপুরের বিএনপি ও অঙ্গসংগঠনের রাজনীতিতে নতুন করে ঐক্য ও সমন্বয়ের বার্তা মিলেছে। জেলা ছাত্রদলের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দুর্গাপুর পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক আল-আমিন রিমন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোয়াদ আলী—উভয়েরই সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় কোনো ধরনের বাধা নেই।
জেলা ছাত্রদলের আহ্বায়ক এস. এম. সালাউদ্দিন আহমেদ শামীম সরকার এবং সদস্য সচিব মো. আল-আমিন স্বাক্ষরিত নির্দেশনায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানানো হয়েছে। এ ঘোষণার পর স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে দুই নেতাই নিজ নিজ দায়িত্ব পালন করবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, গত ২৯ মে দলীয় শৃঙ্খলা ও অভ্যন্তরীণ পর্যালোচনার অংশ হিসেবে দুর্গাপুর পৌর বিএনপির এক বিজ্ঞপ্তির পর সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোয়াদ আলীর পদ সহ ৪ ছাত্রনেতা নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে জেলা ছাত্রদলের নতুন নির্দেশনার মাধ্যমে সেই জটিলতার অবসান হয়েছে বলে মনে করছেন নেতাকর্মীরা। তাদের মতে, এই সিদ্ধান্ত তরুণ নেতৃত্বকে ঐক্যবদ্ধ করে সাংগঠনিক কর্মকাণ্ডে নতুন গতি আনবে।
জেলা কমিটির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন দুর্গাপুর পৌর বিএনপির আহ্বায়ক এস. এম. হাসানুজ্জামান লাল্টু। তিনি বলেন, আলোচনা-সমালোচনা, শাসন আর ভালোবাসাকে সম্বল করেই আমাদের এই রাজনৈতিক পথচলা। অতীতের বিভেদ ভুলে জেলা কমিটির সিদ্ধান্তকে সম্মান জানিয়ে আমরা সবাইকে সঙ্গে নিয়ে একসাথে কাজ করতে চাই এবং দলীয় অর্জনকে আরও এগিয়ে নিতে চাই।
স্থানীয় নেতাকর্মীদের প্রত্যাশা, মূল দল ও অঙ্গসংগঠনের এই সমন্বিত উদ্যোগের ফলে দুর্গাপুরে বিএনপি ও ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে এবং তৃণমূলের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।
আপনার মতামত লিখুন :