
ময়মনসিং প্রতিনিধি: ব্রহ্মপুত্র নদের তীব্র ভাঙনে চরম হুমকির মুখে পড়েছে ময়মনসিংহ সদর উপজেলার অষ্টধার ইউনিয়নের ঐতিহ্যবাহী সেনেরচর গ্রাম। কয়েক বছর ধরে চলমান নদীভাঙনে ইতোমধ্যে বহু বসতবাড়ি, ফসলি জমি, মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়েছে। বর্ষা মৌসুমে নদীর পানির প্রবল স্রোতের কারণে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে।
স্থানীয়দের দাবি, প্রায় ৫০০ বছরের পুরোনো এই ঐতিহাসিক গ্রামটি রক্ষায় দ্রুত কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে অচিরেই এটি মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে। প্রতিনিয়ত নদীগর্ভে তলিয়ে যাচ্ছে নতুন নতুন এলাকা। ফলে ভাঙনের আতঙ্কে দিন কাটাচ্ছেন হাজারো মানুষ।
গ্রামবাসীরা জানান, নদীভাঙন রোধে স্থায়ী ও টেকসই প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার দাবিতে সম্প্রতি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ময়মনসিংহ জেলার নির্বাহী প্রকৌশলীর কাছে লিখিত আবেদন করা হয়েছে।
আবেদনে উল্লেখ করা হয়েছে, সেনেরচর নামাপাড়া মসজিদ থেকে মো. আজিম উদ্দিনের বাড়ি পর্যন্ত নদীতীরবর্তী এলাকায় জরুরি ভিত্তিতে সিসি ব্লক বা জিওব্যাগ ফেলে স্থায়ী বাঁধ নির্মাণ করা প্রয়োজন। তাদের মতে, দ্রুত এই উদ্যোগ বাস্তবায়ন করা না হলে গ্রামের আরও বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে চলে যাবে।
এদিকে, ভাঙনের কারণে ঘরবাড়ি ও জমিজমা হারানোর শঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা সংশ্লিষ্ট প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে সেনেরচর গ্রামকে রক্ষা করা সম্ভব হয় এবং হাজারো পরিবারকে ভিটেমাটি হারিয়ে গৃহহীন হতে না হয়।
আপনার মতামত লিখুন :