রেজিস্ট্রেশন কার্ডের ভুল সংশোধনে পুঠিয়ার এসিল্যান্ডের মানবিক উদ্যোগ


বার্তা বিভাগ প্রকাশের সময় : জুলাই ২১, ২০২৬, ৬:২৮ অপরাহ্ণ /
রেজিস্ট্রেশন কার্ডের ভুল সংশোধনে পুঠিয়ার এসিল্যান্ডের মানবিক উদ্যোগ

পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধিঃ রেজিস্ট্রেশন কার্ডে তথ্যগত ভুল। তা নিয়ে ভবিষ্যৎ শিক্ষাজীবন নিয়ে দুশ্চিন্তায় ছিলেন রাজশাহীর পুঠিয়া উপজেলার এক মাদ্রাসা শিক্ষার্থী। বিষয়টি জানতে পেরে দ্রুত সমস্যা সমাধানে উদ্যোগী হলেন পুঠিয়ার সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ। মঙ্গলবার সকালে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই ও ভুল সংশোধনের প্রক্রিয়া সম্পন্নের পাশাপাশি আর্থিক সহযোগিতাও করেন তিনি।

জানা গিয়েছে, উপজেলার বিড়ালদহ এস কে ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী রকি সরকার, পিতা কালাম সরকার। রেজিস্ট্রেশন কার্ডে থাকা তথ্যগত ত্রুটির কারণে বেশ কিছুদিন ধরেই উদ্বেগে ছিলেন ওই শিক্ষার্থী ও তাঁর পরিবার। বিষয়টি সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশের নজরে এলে তিনি দ্রুত সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেন।

শিক্ষার্থী ও তাঁর পরিবারের সদস্যেরা জানান, প্রশাসনের আন্তরিক সহযোগিতায় দীর্ঘদিনের জটিলতা নিরসনের পথ সুগম হয়েছে। এ জন্য তাঁরা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্থানীয় সচেতন মহলের মতে, নাগরিকের সমস্যা দ্রুত ও কার্যকর ভাবে সমাধান করাই জনসেবামুখী প্রশাসনের অন্যতম দায়িত্ব। প্রশাসনিক ত্রুটির কারণে কোনও শিক্ষার্থীর ভবিষ্যৎ যাতে বাধাগ্রস্ত না হয়, তা নিশ্চিত করতে এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।

এলাকাবাসীর আশা, নাগরিক সেবায় এ ধরনের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা আগামী দিনেও অব্যাহত থাকবে।