রাজশাহীতে গড়ে উঠছে ‘নজরুল ভিলেজ’, শুরু হলো নির্মাণকাজ


বার্তা বিভাগ প্রকাশের সময় : জুলাই ১৮, ২০২৬, ৪:৩৯ অপরাহ্ণ /
রাজশাহীতে গড়ে উঠছে ‘নজরুল ভিলেজ’, শুরু হলো নির্মাণকাজ

রবিউল ইসলাম, রাজশাহী ব্যুরো: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিকে নতুন প্রজন্মের কাছে আরও সমৃদ্ধভাবে তুলে ধরতে ‘নজরুল বর্ষ-২০২৬’ উপলক্ষে রাজশাহীতে নির্মিত হচ্ছে ‘নজরুল ভিলেজ’। এ লক্ষ্যে শনিবার (১৮ জুলাই) সকাল ১১টায় রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানার বিপরীতে আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণকাজের উদ্বোধন করা হয়।
জেলা প্রশাসন, রাজশাহীর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি।
রাজশাহীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীসমাজ এবং সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, কবিতা ও গান নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পের কেন্দ্রবিন্দুতে থাকবে ‘নজরুল মঞ্চ’ ও ‘নজরুল কর্নার’। উন্মুক্ত ও বৃক্ষশোভিত পরিবেশে গড়ে ওঠা এই প্রাঙ্গণে বছরজুড়ে নজরুল সাহিত্য, সংগীত ও শিল্পচর্চার আয়োজন করা হবে।

সংশ্লিষ্টরা জানান, ‘নজরুল ভিলেজ’ বাস্তবায়িত হলে রাজশাহীতে একটি আধুনিক সাংস্কৃতিক কেন্দ্র গড়ে উঠবে, যা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সৃজনশীল চর্চার অন্যতম প্রাণকেন্দ্র হিসেবে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।