
শাহিনুর সুজন, চারঘাট, রাজশাহীঃ রাজশাহীর চারঘাটে ৪৯ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ মোঃ সাদ্দাম হোসেন (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। একই দিনে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোহাম্মদ রফিকুল ইসলাম (৪২)-কেও গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ দুপুর ২টা ১৫ মিনিটের দিকে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার সরদহ ইউনিয়নের ধর্মহাটা গ্রামের মইদুল ইসলামের বাড়ির সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালায়। এ সময় নাটোরের মাটিয়াপাড়া গ্রামের মৃত মামুন অর রশিদের ছেলে মোঃ সাদ্দাম হোসেনকে আটক করা হয়। তার কাছ থেকে ৪৯ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেল (রেজিস্ট্রেশন নম্বর—রাজ মেট্রো-হ-১২-৪৫৯৩) জব্দ করা হয়।
অন্যদিকে, একই দিনে জিআর নং-৫/১৪ মামলার ওয়ারেন্টমূলে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি মোহাম্মদ রফিকুল ইসলাম (৪২)-কে গ্রেপ্তার করা হয়। তিনি চারঘাট উপজেলার শ্রীখন্ডী গ্রামের মৃত হাকিম উদ্দিনের ছেলে। পরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বলেন,মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদকসহ গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে।
গ্রেপ্তারকৃত সাদ্দাম হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এসএনএ/রবিউল
আপনার মতামত লিখুন :