এসএনএ আন্তর্জাতিক: মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর ওপর ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার (৩১ আগস্ট) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) মার্কিন বাহিনীকে লক্ষ্য করে চালানো হামলার জেরে ইরানের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে।
ট্রাম্প বলেন, “আমরা তাদের ওপর কঠোর আঘাত হানব। এর জবাব দেওয়া হবে।”
তিনি জানান, মার্কিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ছোড়া অধিকাংশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করেছে। একটি ক্ষেপণাস্ত্রকে গুরুত্বপূর্ণ কোনো স্থাপনায় আঘাত হানার আশঙ্কা নেই বলে শনাক্ত করা হয়েছিল এবং সেটিকে মার্কিন আকাশসীমা দিয়ে অতিক্রম করতে দেওয়া হয় বলেও জানান তিনি।
এর আগে সোমবার ভোরে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানায়, তারা জর্ডানের কিং হুসেইন ও আজরাক বিমানঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের আল মিনহাদ বিমানঘাঁটিতে বিস্ফোরক ড্রোন দিয়ে হামলা চালানোর দাবিও করে তারা।
আইআরজিসির দাবি, রবিবার লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের চালানো হামলার প্রতিশোধ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়েছে। ওই মার্কিন হামলার লক্ষ্য ছিল গুরুত্বপূর্ণ তেল পরিবহনপথ হরমুজ প্রণালিতে সমুদ্র মাইন স্থাপন বন্ধ করা।
এদিকে, তেহরানের সঙ্গে সম্ভাব্য কূটনৈতিক অগ্রগতির বিষয়েও সংশয় প্রকাশ করেছেন ট্রাম্প। তিনি জানান, ইরান বৈঠকের আগ্রহ প্রকাশ করলেও একই সময়ে যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞাগুলো আরও কঠোরভাবে কার্যকর হচ্ছে।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনায় অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে।
এসএনএ/মানিক
আপনার মতামত লিখুন :