
রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর চারঘাটে অভিযান চালিয়ে ৬০ গ্রাম হেরোইন ও একটি মোটরসাইকেলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
শুক্রবার (২৮ আগস্ট ২০২৬) রাত ১১টা ১৫ মিনিটে চারঘাট থানার শিশাতলা তেল পাম্পের পেছনে একটি ইটভাটার সামনের পাকা রাস্তা থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতাররা হলেন গোদাগাড়ী উপজেলার সিএন্ডবি মোড় এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে মোঃ তরিকুল ইসলাম ওরফে বিশাল (২৪) এবং আচুয়াভাটা গ্রামের মোঃ তসলিম আলীর ছেলে মোঃ ইমন হোসেন (২১)।
পুলিশ জানায়, জেলা ডিবির এসআই (নিরস্ত্র) মোঃ স্বপন হোসেনের নেতৃত্বে একটি দল মাদকবিরোধী অভিযানে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, শিশাতলা এলাকায় দুই ব্যক্তি মোটরসাইকেল নিয়ে হেরোইন বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।
ডিবি পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছালে দুই যুবক পালানোর চেষ্টা করে। পরে তাদের আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় ইমন হোসেনের জিন্স প্যান্টের ডান পকেট থেকে স্বচ্ছ পলিথিনে মোড়ানো মোট ৬০ গ্রাম বাদামী রঙের হেরোইন উদ্ধার করা হয়। পাশাপাশি তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেফতার দুই আসামির বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।
এসএনএ/রবিউল
আপনার মতামত লিখুন :