হাজার কোটি টাকার বেশি খেলাপিদের জন্য নতুন ছাড়, প্রজ্ঞাপন জারি


স্টার নিউজ এজেন্সি প্রকাশের সময় : অগাস্ট ৩১, ২০২৬, ৮:৩৬ অপরাহ্ন /
হাজার কোটি টাকার বেশি খেলাপিদের জন্য নতুন ছাড়, প্রজ্ঞাপন জারি

এসএনএ ডেস্ক: এক হাজার কোটি টাকার বেশি অঙ্কের ঋণখেলাপিদের জন্য বিশেষ ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন এ সুবিধায় এসব গ্রাহক দুই বছর ঋণ পরিশোধে বিরতিসহ (গ্রেস পিরিয়ড) সর্বোচ্চ ১৫ বছর মেয়াদে ঋণ পুনঃতফসিল বা নবায়নের সুযোগ পাবেন।

সোমবার (৩১ আগস্ট) এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে কেন্দ্রীয় ব্যাংক। এতে বলা হয়েছে, এক হাজার কোটি টাকার কম ঋণখেলাপিরা এই সুবিধার আওতায় পড়বেন না।

প্রজ্ঞাপন অনুযায়ী, এ সুবিধা নিতে আগ্রহীদের আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে আবেদন করতে হবে। সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে ডিসেম্বরের মধ্যে এসব আবেদন নিষ্পত্তি করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, যারা আগে বাংলাদেশ ব্যাংকের নীতি সহায়তার আওতায় সুবিধা নিয়েছেন, তারাও নতুন করে আবেদন করতে পারবেন।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, খেলাপি ঋণ কমানো এবং স্থবির হয়ে পড়া শিল্পকারখানা পুনরায় চালু করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। সাম্প্রতিক গ্যাস ও বিদ্যুৎ–সংকটে উৎপাদন ব্যাহত হওয়ায় কয়েকটি বড় শিল্পগোষ্ঠীর ঋণ ‘খারাপ’ হয়ে গেছে। মূলত এসব বড় গ্রাহকদের পুনরুদ্ধারের সুযোগ দিতেই এই বিশেষ ছাড় দেওয়া হয়েছে।

এর আগে ২০২৫ সালে ঋণখেলাপিদের জন্য অনুরূপ সুবিধা চালু করা হয়েছিল। সে সময়ের প্রজ্ঞাপনে বলা হয়েছিল, ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে বিদ্যমান খেলাপি ঋণের স্থিতির ওপর কমপক্ষে ২ শতাংশ নগদ অর্থ জমা দিলে ঋণ নিয়মিত করা যাবে। এতে দুই বছরের গ্রেস পিরিয়ডসহ সর্বোচ্চ ১০ বছর মেয়াদে ঋণ পরিশোধের সুযোগ ছিল। তবে ঋণ তিনবার বা তার বেশি পুনঃতফসিল করা থাকলে অতিরিক্ত ১ শতাংশ অর্থ জমা দিতে হতো।

কেন্দ্রীয় ব্যাংক আরও নির্দেশনা দিয়েছিল, প্রকৃত ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতার অবস্থা এবং প্রতিষ্ঠান পুনরুদ্ধারের সম্ভাবনা বিবেচনায় নিয়ে পুনঃতফসিলের সিদ্ধান্ত নিতে হবে। সেই সুবিধার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে।

নতুন প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, যারা আগে বিশেষ সুবিধার আওতায় ঋণ পুনঃতফসিল করেছেন, তাদের ক্ষেত্রে পূর্ববর্তী সুবিধার সময়কাল নতুন মেয়াদ থেকে সমন্বয় করতে হবে।

এসএনএ/মানিক