
সজল মাহমুদ, রাজশাহী মহানগর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১২টার দিকে রাজশাহী মহানগরীর জাহাজঘাট এলাকায় মতিহার থানা দক্ষিণ যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক যুবনেতা বশির উদ্দিন সনির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে উদ্বোধন করা হয়। পরে বিভিন্ন স্তরের নেতাকর্মীদের অংশগ্রহণে সড়ক বিভাজকে বিভিন্ন প্রজাতির সৌন্দর্যবর্ধক গাছের চারা রোপণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচি শেষে বশির উদ্দিন সনি বলেন, বিএনপি প্রতিষ্ঠার দিনটি দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। নির্যাতিত ও নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং দেশের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্যেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলটি প্রতিষ্ঠা করেছিলেন।
তিনি বলেন, জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নে দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। দলের ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে যুবদলের নেতাকর্মীরা ভবিষ্যতেও মাঠে সক্রিয় থাকবেন।
বশির উদ্দিন সনি আরও বলেন, দলীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও সিটি প্রশাসক মাহফুজুর রহমান রিটনের নির্দেশনায় মতিহার দক্ষিণ যুবদলের উদ্যোগে ইতোমধ্যে নগরীর বিভিন্ন স্থান ও শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। এ ধরনের সামাজিক ও পরিবেশবান্ধব কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
কর্মসূচিতে মতিহার থানা যুবদলের সাবেক আহ্বায়ক তরিকুল ইসলাম কনকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসএনএ/রবিউল
আপনার মতামত লিখুন :