
ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আসন্ন কমিটিকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে সাধারণ সম্পাদক পদে সম্ভাব্য প্রার্থীদের তালিকায় নতুন করে আলোচনায় উঠে এসেছে ছাত্রদল নেতা মো. সোহাগ ভূঁইয়ার নাম।
বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর পূর্ব শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। দলীয় বিভিন্ন সূত্র ও ছাত্রদল-যুবদলের একাধিক নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে মাঠের রাজনীতিতে সক্রিয় থাকার কারণে তিনি যুবদলের গুরুত্বপূর্ণ এই পদের জন্য শক্ত অবস্থানে রয়েছেন।
দলীয় নেতাকর্মীদের মতে, সরকারবিরোধী আন্দোলন, কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়ন এবং সাংগঠনিক তৎপরতায় ধারাবাহিক উপস্থিতি সোহাগ ভূঁইয়াকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। ছাত্ররাজনীতিতে সক্রিয় এই নেতা কুমিল্লার বাসিন্দা হলেও তার রাজনৈতিক উত্থান মূলত রাজধানীকেন্দ্রিক।
জানা যায়, ২০১৩-১৪ সালের হরতাল-অবরোধ কর্মসূচিতে সক্রিয় ভূমিকার মধ্য দিয়ে তিনি প্রথম আলোচনায় আসেন। পরে শাহজাহানপুর থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক, ১ নম্বর যুগ্ম আহ্বায়ক এবং সর্বশেষ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে সাংগঠনিকভাবে নিজের অবস্থান শক্ত করেন।
২০২৪ সালের ডিসেম্বরে ঘোষিত ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের আংশিক কমিটিতে সভাপতি হিসেবে তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। এরপর থেকে রাজধানীর ছাত্ররাজনীতিতে তার প্রভাব আরও দৃশ্যমান হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করেন।
দলীয় সূত্র জানায়, বিভিন্ন সময় রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে গিয়ে সোহাগ ভূঁইয়ার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয় এবং তাকে কয়েকবার গ্রেপ্তারও করা হয়েছে। সহকর্মীদের ভাষ্য অনুযায়ী, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকার কারণে তৃণমূলের কাছে তিনি ‘মাঠের কর্মী’ হিসেবে পরিচিত।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমান প্রেক্ষাপটে মাঠপর্যায়ে সক্রিয় এবং সংগঠনে গ্রহণযোগ্য নেতাদের মূল্যায়ন বাড়ছে। সেই বিবেচনায় ছাত্রদল থেকে উঠে আসা নেতাদের যুবদলের গুরুত্বপূর্ণ পদে আনার বিষয়টি গুরুত্ব পাচ্ছে, যেখানে সোহাগ ভূঁইয়ার নামও সামনে রয়েছে।
তবে সম্ভাব্য এই কমিটিতে আরও কয়েকজন সাবেক ছাত্রনেতা ও অভিজ্ঞ যুবদল নেতার নামও আলোচনায় রয়েছে। ফলে শেষ পর্যন্ত কে সাধারণ সম্পাদক হচ্ছেন, তা নির্ভর করবে দলের হাইকমান্ডের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর।
এ বিষয়ে জানতে চাইলে সোহাগ ভূঁইয়া বলেন, ‘দল আমাকে যে দায়িত্ব দেবে, তা নিষ্ঠার সঙ্গে পালনের চেষ্টা করব। আমার কাছে দলীয় সিদ্ধান্তই সর্বাগ্রে।’
এসএনএ/মানিক
আপনার মতামত লিখুন :