
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও পণ্যের মোড়কে প্রয়োজনীয় তথ্য না থাকার অভিযোগে রাজশাহীর পুঠিয়ায় দুই প্রতিষ্ঠানকে মোট ২৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বানেশ্বর ট্রাফিক মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রাজশাহীর সহকারী পরিচালক বিপুল বিশ্বাসের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
অভিযানে নিউ হিরা এ্যান্ড বিস্কিট ফ্যাক্টরিতে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও বিক্রির উদ্দেশ্যে প্রদর্শনের প্রমাণ পাওয়া যায়। এছাড়া কেকের মোড়কে পণ্যের ওজন, পরিমাণ, উপাদান ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করার অভিযোগও পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, হুমাইদ স্টোরে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও বিক্রির উদ্দেশ্যে প্রদর্শনের অভিযোগে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সব মিলিয়ে দুই প্রতিষ্ঠানকে মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রাজশাহীর সহকারী পরিচালক বিপুল বিশ্বাস জানান, ভোক্তাদের স্বার্থ সুরক্ষা এবং বাজারে পণ্যের মান ও মূল্যসংক্রান্ত অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসএনএ/রবিউল
আপনার মতামত লিখুন :