
সজল মাহমুদ, রাজশাহী মহানগর প্রতিনিধি: বিশ্ব চিঠি দিবস উপলক্ষে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ (জেসিএমএস) বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘চিঠি উৎসব ২০২৬’।
“চিঠিতে যুক্ত হোক হৃদয়ের গল্প” স্লোগানে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেসিএমএস বিভাগ প্রাঙ্গণে এ উৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্কুল অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টির ডিন প্রফেসর মো. শহিদুর রহমান। এ সময় বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে প্রফেসর মো. শহিদুর রহমান চিঠি লেখার ঐতিহ্যের গুরুত্ব তুলে ধরে বলেন, ডিজিটাল যোগাযোগের এই যুগেও হাতে লেখা চিঠি হৃদয়ের অনুভূতি প্রকাশের এক অনন্য মাধ্যম। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে চিঠি লেখার সেই চর্চা ও আবেগ ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উৎসবে সাংবাদিকতা বিভাগসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। আয়োজনে ছিল চিঠি বিনিময়ের বিশেষ ব্যবস্থা, চিঠি প্রদর্শনী ও পাঠ। পাশাপাশি আবৃত্তি, গান ও নাচসহ নানা বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনা উৎসবে যোগ করে ভিন্নমাত্রা।
অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, এ ধরনের আয়োজন তাদের হাতে লেখা চিঠির হারিয়ে যেতে বসা আবেগ ও সৌন্দর্য নতুন করে অনুভব করার সুযোগ করে দিয়েছে। চিঠি লেখার পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনায় উৎসবটি হয়ে ওঠে প্রাণবন্ত ও স্মরণীয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. তানভীর হাসান ও সুবর্ণা মোস্তফা।
আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিভাগের শিক্ষক ফাতেমা-তুজ-জোহরা এবং মো. জসীম উদ্দীন।
এসএনএ/রবিউল
আপনার মতামত লিখুন :