মাদকমুক্ত সমাজ গঠনে পরিবারকেই মূল ভূমিকা নিতে হবে: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী


বার্তা বিভাগ প্রকাশের সময় : জুলাই ১৮, ২০২৬, ৩:৩৮ অপরাহ্ণ /
মাদকমুক্ত সমাজ গঠনে পরিবারকেই মূল ভূমিকা নিতে হবে: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী

ময়মনসিংহ প্রতিনিধি: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বলেছেন, মাদকমুক্ত সমাজ গঠনে সরকার নানা উদ্যোগ বাস্তবায়ন করলেও এ ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে পরিবারকে। একজন সন্তানকে সুনাগরিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে পরিবারের সচেতন পরিচর্যা ও সঠিক দিকনির্দেশনার বিকল্প নেই।
শনিবার (১৮ জুলাই) সকালে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে মাদকের ভয়াবহতা সম্পর্কে যুবসমাজকে সচেতন করতে আয়োজিত একটি প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, একটি রাষ্ট্র তার নাগরিকদের উন্নয়ন ও কল্যাণে দায়িত্ব পালন করে। তবে ব্যক্তিগত পর্যায়ে একজন সন্তানের চরিত্র গঠন, নৈতিক শিক্ষা এবং সঠিক মূল্যবোধ তৈরিতে পরিবারের ভূমিকাই সবচেয়ে বেশি। সন্তানের চলাফেরা, বন্ধু-বান্ধব, অভ্যাস ও সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে বাবা-মাকে সচেতন থাকতে হবে। এতে সন্তান মাদকসহ সব ধরনের কু-অভ্যাস থেকে দূরে থাকতে পারবে এবং ভবিষ্যতে দেশগঠনে দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে সক্ষম হবে।
তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। সমাজ থেকে মাদক নির্মূল করা একটি আদর্শ রাষ্ট্র বিনির্মাণের গুরুত্বপূর্ণ অংশ। সবাই যে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ, সেই বার্তা পৌঁছে দিতেই এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।
ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ময়মনসিংহের সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয় ও সাংবাদিকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়।
বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে ময়মনসিংহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান, সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক জাফরুল্লাহ রুবেল, উপপরিচালক মো. আনোয়ার হোসেনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও নগরীর বিভিন্ন স্তরের নাগরিক উপস্থিত ছিলেন। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ম্যাচটি দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।