চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে কথিত ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন উদ্ধার, একই পরিবারের ৪ সদস্য আটক


বার্তা বিভাগ প্রকাশের সময় : জুলাই ৬, ২০২৬, ৯:১১ পূর্বাহ্ণ /
চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে কথিত ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন উদ্ধার, একই পরিবারের ৪ সদস্য আটক

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে কথিত ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একই পরিবারের চার সদস্যকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় গত ১ জুলাই থেকে জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে রোববার (৫ জুলাই) দুপুরে সদর মডেল থানার একটি দল ওয়ারেন্ট তামিল, নিয়মিত মামলার আসামি গ্রেপ্তার এবং মাদকবিরোধী অভিযানে অংশ নেয়।
অভিযানের একপর্যায়ে বিকেল ২টার দিকে সদর উপজেলার ফুলকুড়ি সিএনবি ঘাট এলাকার চরবাগডাঙ্গা ইউনিয়নের সাবেক সদস্য মো. আব্দুর রহমানের বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে আব্দুর রহমান (৫৫), তার স্ত্রী মোছা. মাসিরুন বেগম (৫০), ছেলে মো. শুকুদ্দি (৩৪) এবং মো. মাসুদ রানা (১৮)-কে আটক করা হয়।
পুলিশের দাবি, অভিযানে তাদের কাছ থেকে কথিত ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এছাড়া পাঁচটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি বাটন ফোন, একটি স্বর্ণের আংটি, সাতটি রুপা ও অন্যান্য ধাতুর আংটি, একটি ডিজিটাল ওজন মাপার যন্ত্র, একটি পাসপোর্ট, একটি ডিভিআর, একটি হিটিং বাল্ব, একটি ফয়েল পেপার রোল, হেরোইন শুকানোর কাজে ব্যবহৃত একটি গামলা এবং মাদক বিক্রির সন্দেহে ২৪ হাজার ৩২০ টাকা জব্দ করা হয়েছে।
জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, উদ্ধার হওয়া আলামত জব্দ করে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।