
আনোয়ার হোসেন (লিটন)নিয়ামতপুর নওগাঁঃ আজ ২৬ জুন আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস। “মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই, সুস্থ-সুন্দর সমাজ গড়ি”—এই প্রত্যয়ে বিশ্বব্যাপী দিবসটি পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে নওগাঁর নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহবুবুর রহমান ইমরান উপজেলাকে মাদকমুক্ত করতে জিরো টলারেন্স নীতির ঘোষণা দিয়েছেন।তিনি বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি, যা ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তরুণ সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সর্বস্তরের জনগণের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত জরুরি ওসি মোঃ মাহবুবুর রহমান ইমরান জানান, নিয়ামতপুর উপজেলায় মাদক ব্যবসা, মাদক সেবন ও মাদক পাচারের বিরুদ্ধে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে। কোনো মাদক কারবারি বা মাদকসেবীর সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না। মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান সম্পূর্ণ জিরো টলারেন্স।তিনি উপজেলার সচেতন নাগরিক, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, ধর্মীয় নেতা, সাংবাদিক ও যুবসমাজসহ সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, মাদকমুক্ত নিয়ামতপুর গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে। কোথাও মাদকসংক্রান্ত কোনো তথ্য থাকলে তা গোপনীয়তার সঙ্গে পুলিশকে জানাতে তিনি অনুরোধ করেন।উল্লেখ্য, প্রতি বছর ২৬ জুন জাতিসংঘের উদ্যোগে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত হয়। দিবসটির মূল লক্ষ্য মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত প্রতিরোধ গড়ে তোলা। বাংলাদেশেও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান দিবসটি উপলক্ষে আলোচনা সভা, সচেতনতামূলক কর্মসূচি ও প্রচারণার আয়োজন করে থাকে।
আপনার মতামত লিখুন :