
রাজশাহী ব্যুরোঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ১০টি ভারতীয় মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় চোরাচালানের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধীন মনাকষা বিওপির একটি বিশেষ টহল দল শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের মাস্তানমোড় এলাকায় অভিযান পরিচালনা করে।
৫৩ বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানের সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে কোমরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৮টি ভারতীয় মোবাইল ফোন উদ্ধার করা হয়। এছাড়া তাদের ব্যবহৃত আরও দুটি মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
বিজিবির তথ্যমতে, জব্দ করা মোবাইল ফোন ও মোটরসাইকেলের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ২৪ হাজার ৪৮৯ টাকা।
আটক দুই ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামতসহ তাদের শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চলতি জুলাই মাসে ৫৩ বিজিবির বিভিন্ন অভিযানে এ পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে। একই সময়ে মোট ৬৬টি ভারতীয় মোবাইল ফোন জব্দ করা হয়। এর মধ্যে ৫৫টি চাঁপাইনবাবগঞ্জ কাস্টমস হাউসে এবং ১১টি শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি বলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অনুপ্রবেশ (পুশ-ইন) প্রতিরোধ এবং মাদক ও অন্যান্য চোরাচালান দমনে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তে সব ধরনের অবৈধ কর্মকাণ্ড রোধে বাহিনীর নিয়মিত অভিযান ও কঠোর নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
আপনার মতামত লিখুন :