
রাজশাহী ব্যুরোঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে চোরাই মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে গত ১০ জুন রাত প্রায় ৯টার দিকে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামের মধ্যবাজার সংলগ্ন এলাকায়, সীমান্ত পিলার ১৮৫/১৩-এস থেকে প্রায় ১০০ গজ ভেতরে এ অভিযান চালানো হয়।
অভিযানের সময় শিবগঞ্জ উপজেলার চাঁদপুর গ্রামের বাসিন্দা মো. সালাউদ্দিন (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তার কাছ থেকে ভারতীয় বিভিন্ন মডেলের ৯টি ব্যবহৃত মোবাইল ফোন এবং একটি হিরো এইচএফ ডিলাক্স ১০০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
মহানন্দা ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তি ও জব্দকৃত মালামাল পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।
এদিকে বিজিবির তথ্য অনুযায়ী, গত তিন মাসে সীমান্ত এলাকায় পরিচালিত বিভিন্ন অভিযানে মোট ১৪০টি চোরাই মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, সীমান্তে সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে চলমান থাকবে।
আপনার মতামত লিখুন :