চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ৩ মাদক কারবারি আটক, Eskuf সিরাপসহ জব্দ মালামালের মূল্য ৪.২৪ লাখ টাকা


বার্তা বিভাগ প্রকাশের সময় : জুন ৫, ২০২৬, ৯:০২ অপরাহ্ণ /
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ৩ মাদক কারবারি আটক, Eskuf সিরাপসহ জব্দ মালামালের মূল্য ৪.২৪ লাখ টাকা

রাজশাহী ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চাঁনশিকারী সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তিনজন মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ১২৪ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf সিরাপ, তিনটি মোবাইল ফোন এবং একটি ইজিবাইক জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৪ লাখ ২৪ হাজার ৬০০ টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার (৫ জুন ২০২৬) সকাল প্রায় ১১টার দিকে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধীন চাঁনশিকারী বিওপির হাবিলদার মো. কাজী ইব্রাহীমের নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে।
অভিযানকালে সীমান্ত পিলার ১৯৮/২-এস থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ভোলাহাট ইউনিয়নের শিকারী গ্রামে চোরাকারবারিদের ঘেরাও করা হয়। পরে নেশাজাতীয় দ্রব্য ও অন্যান্য মালামালসহ তাদের হাতেনাতে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—
মো. মাহাবুবুর রহমান (১৯), পিতা: মো. রানাউল, গ্রাম: আলালপুর।
মো. জাহিদুল ইসলাম (১৯), পিতা: মো. সেতাউল, গ্রাম: আলালপুর।
মো. সাগর হোসেন (১৬), পিতা: মো. দুলাল, গ্রাম: হাউসপুর।
তাদের সকলের ডাকঘর ফুটানি বাজার, থানা ভোলাহাট এবং জেলা চাঁপাইনবাবগঞ্জ।
বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদক ও চোরাচালানবিরোধী আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একই সঙ্গে জব্দকৃত Eskuf সিরাপ, মোবাইল ফোন ও ইজিবাইকসহ আসামিদের ভোলাহাট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।