
আনোয়ার হোসেন(লিটন),নিয়ামতপুর নওগাঁর প্রতিনিধিঃ নিয়ামতপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২১ বোতল নিষিদ্ধ মাদকদ্রব্য “ESkuf” সিরাপসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে থানা পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় এসআই মো. সুলতান খান সঙ্গীয় ফোর্সসহ গত ২২ মে সকাল আনুমানিক ১০টা ১০ মিনিটে উপজেলার ১ নম্বর হাজীনগর ইউনিয়নের হাসরা গ্রামের হাসরা হাটিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি মো. মাসুদ রানা (৪০) উপজেলার দক্ষিণ পাতুলী এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে বলে জানা গেছে।
পুলিশ জানায়, আটক ব্যক্তির হাতে থাকা একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ তল্লাশি করে ২১ বোতল “ESkuf” সিরাপ উদ্ধার করা হয়। প্রতিটি বোতলে ১০০ মিলিলিটার করে মোট ২ হাজার ১০০ মিলিলিটার মাদকদ্রব্য ছিল। উদ্ধার হওয়া সিরাপের গায়ে “Codeine Phosphate & Triprolidine Hydrochloride Syrup” লেখা ছিল এবং সেগুলো ভারতের তৈরি বলে উল্লেখ রয়েছে।
এ সময় ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় সাক্ষীদের সামনে জব্দ তালিকা প্রস্তুত করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪২ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, পুলিশি জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে মাদকদ্রব্য সংগ্রহ ও বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
নিয়ামতপুর থানার পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :