
রবিউল ইসলাম,রাজশাহী ব্যুরোঃ রাজশাহীর দুর্গাপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে এক মাদক বিক্রেতাসহ চারজনকে আটক করেছে প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। বুধবার (২১ মে) উপজেলার পৃথক দুটি এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সিংগা মধ্যপাড়া এলাকায় অভিযান চালায় প্রশাসন। সেখানে মাদক বিক্রির সময় আরিফুল নামে এক মাদক বিক্রেতাকে হাতেনাতে আটক করা হয়। অপরাধ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করেন।
একই অভিযানে উপজেলার কুহাড় এলাকা থেকে মাদক সেবনের অভিযোগে আরও তিনজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন— মিনারুল, রাজন ও বেলাল। মাদক সেবনের দায়ে তাদের প্রত্যেককে ৩ মাস করে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
দুর্গাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) একটি বিশেষ টিম।
দুর্গাপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তরুণ সমাজকে রক্ষা এবং এলাকায় মাদকের বিস্তার রোধে এই বিশেষ অভিযান চালানো হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে প্রশাসন আরও জানায়, জনস্বার্থে ও মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :