
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রসিকতা করে বলেছেন, ইসরায়েলে তিনি অত্যন্ত জনপ্রিয় এবং ভবিষ্যতে দেশটির প্রধানমন্ত্রী পদেও তিনি নির্বাচন করতে পারেন।
গত বুধবার (২০ মে) যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড একাডেমির সমাবর্তন অনুষ্ঠানের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন।
সাংবাদিকদের ট্রাম্প বলেন, “ইসরায়েলে আমি অত্যন্ত জনপ্রিয়। হয়তো (যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদের মেয়াদ) শেষ করার পর আমি ইসরায়েলে যাব এবং দেশটির প্রধানমন্ত্রী পদে নির্বাচন করব।” নিজের জনপ্রিয়তার পক্ষে যুক্তি দিয়ে তিনি আরও বলেন, “আজ সকালে একটি জরিপ দেখেছি, সেখানে আমি ৯৯ শতাংশ সমর্থন পেয়েছি।” তবে এটি কোন প্রতিষ্ঠানের জরিপ, তা তিনি স্পষ্ট করেননি। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে হোয়াইট হাউসের পক্ষ থেকেও কোনো মন্তব্য করা হয়নি।
ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ১৯৯৬ সাল থেকে বিভিন্ন মেয়াদে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। বিশেষ করে ইরানকে কেন্দ্র করে চলমান ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে ট্রাম্প বরাবরই নেতানিয়াহুর ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত।
নেতানিয়াহুর সঙ্গে সাম্প্রতিক যোগাযোগের বিষয়ে জানতে চাওয়া হলে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “তিনি ভালো আছেন, খুব ভালো মানুষ। আমি যা চাইব, তিনি তাই করবেন।” একই সঙ্গে নেতানিয়াহুকে ‘যুদ্ধকালীন প্রধানমন্ত্রী’ উল্লেখ করে ট্রাম্প আক্ষেপ করে বলেন, ইসরায়েলে নেতানিয়াহুকে যথাযথভাবে মূল্যায়ন করা হয় না।
(সূত্র: ইউএসএ টুডে)
আপনার মতামত লিখুন :