
রবিউল ইসলাম,রাজশাহী ব্যুরোঃ রাজশাহীর তানোর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ২২ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আপন ভাই-বোনকে হাতেনাতে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৫ (র্যাব-৫)। শনিবার (১৭ মে) বিকেলে উপজেলার তালন্দ বাজারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে সিপিএসসি’র একটি চৌকস আভিযানিক দল তালন্দ বাজারপাড়ার চন্দন ডোমের নিজ বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির টিনশেড বারান্দা থেকে ২২ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়।
অভিযানে চন্দন ডোম (৩৮) ও তার বোন সোহাগী ডোমকে (৪০) আটক করা হয়। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ তাদের তানোর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, মাদক, সন্ত্রাস ও আইন-শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ড দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এলাকায় চোলাই মদের বিস্তার রোধে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলেও জানিয়েছে বাহিনীটি।
আপনার মতামত লিখুন :