শুক্রবারজুড়ে বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রতিশ্রুতি রাখছেন এমপি ডা. আব্দুল বারী


বার্তা বিভাগ প্রকাশের সময় : মে ১৫, ২০২৬, ১১:৩১ অপরাহ্ণ /
শুক্রবারজুড়ে বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রতিশ্রুতি রাখছেন এমপি ডা. আব্দুল বারী

স্টাফ রিপোর্টারঃ রাজশাহীর বাগমারায় নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের মাধ্যমে আলোচনায় এসেছেন সংসদ সদস্য ডা. আব্দুল বারী। জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি ঘোষণা দিয়েছিলেন, নির্বাচিত হলে প্রতি শুক্রবার সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করবেন। নির্বাচনের পর থেকে নিয়মিতভাবেই সেই প্রতিশ্রুতি পালন করে যাচ্ছেন তিনি।
দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে চিকিৎসা পেশার সঙ্গে যুক্ত ডা. বারী শুরু থেকেই বাগমারার মানুষের কাছে পরিচিত একটি নাম। চিকিৎসক হিসেবে তিনি বহু বছর ধরে এলাকার অসহায় ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়িয়ে সেবা দিয়ে আসছেন। স্থানীয়দের মতে, চিকিৎসাসেবায় তাঁর মানবিক মনোভাব সাধারণ মানুষের আস্থা অর্জনে বড় ভূমিকা রেখেছে।
সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর প্রার্থী হিসেবে প্রথমবার অংশ নিয়ে বিজয়ী হন তিনি। নির্বাচনী প্রচারণার সময় দেওয়া ঘোষণা অনুযায়ী বর্তমানে প্রতি শুক্রবার ভবানীগঞ্জে তাঁর প্রতিষ্ঠিত ক্লিনিকে বিনামূল্যে রোগী দেখা হচ্ছে।
শুক্রবার সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে মানুষ চিকিৎসাসেবা নিতে সেখানে ভিড় করছেন। নারী, পুরুষ, শিশু ও বয়স্ক—সব বয়সী রোগীরা পাচ্ছেন চিকিৎসা পরামর্শ। অনেক ক্ষেত্রে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধের ব্যবস্থাও করা হচ্ছে বলে জানিয়েছেন সেবাগ্রহীতারা।
স্থানীয়দের ভাষ্য, বাগমারা প্রত্যন্ত অঞ্চল হওয়ায় অনেক মানুষ অর্থাভাবে শহরে গিয়ে চিকিৎসা নিতে পারেন না। এ অবস্থায় ডা. বারীর এই উদ্যোগ সাধারণ মানুষের জন্য স্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে দরিদ্র পরিবারের সদস্যরা সবচেয়ে বেশি উপকার পাচ্ছেন।
এদিকে ভবানীগঞ্জ ক্লিনিকে ডা. বারীর পাশাপাশি বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকরাও নিয়মিত রোগী দেখছেন। উন্নত চিকিৎসাসেবা, আন্তরিক ব্যবহার এবং তুলনামূলক কম খরচে চিকিৎসা সুবিধা পাওয়ায় ক্লিনিকটি ইতোমধ্যে এলাকায় সুনাম অর্জন করেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্বাচনের পর থেকে এখন পর্যন্ত কয়েক হাজার রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়েছেন। প্রতি শুক্রবারের মতো আজও সকাল থেকেই ক্লিনিকে রোগীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
চিকিৎসাসেবা নিতে আসা কয়েকজন বলেন, একজন জনপ্রতিনিধি হিসেবে ডা. বারী শুধু রাজনৈতিক দায়িত্বই পালন করছেন না, মানবিক দায়িত্বও সমান গুরুত্ব দিয়ে পালন করছেন।
এ বিষয়ে ডা. আব্দুল বারী বলেন, “মানুষের সেবা করাই আমার মূল লক্ষ্য। অর্থের অভাবে কেউ চিকিৎসাবঞ্চিত হোক, সেটা আমি চাই না। দীর্ঘদিন ধরে মানুষের পাশে আছি, ভবিষ্যতেও থাকব।”