
নিজস্ব প্রতিবেদক : দেশের তরুণ প্রজন্মের মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, সাইবার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যুব নেতৃত্ব বিকাশের লক্ষ্য নিয়ে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘সারভাইভার’স ভয়েস সামিট ২০২৬’।
আজ মঙ্গলবার বাংলাদেশ শিশু একাডেমি অডিটোরিয়ামে ‘সারভাইভার্স পাথ’ ও ‘এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশন’-এর যৌথ উদ্যোগে এই সম্মেলনের আয়োজন করা হয়। এবারের সামিটের মূল প্রতিপাদ্য ছিল—“Breaking Silence, Building Hope, Empowering Every Voice”।
অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে তরুণদের মনস্তাত্ত্বিক সহায়তার জন্য ‘মনবার্তা অ্যাপ’ এবং একটি ২৪/৭ মানসিক স্বাস্থ্য হেল্পলাইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি বিষয়ক) অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল। উদ্বোধনী বক্তব্যে অতিথিরা তরুণদের মানসিক সংকট মোকাবিলায় প্রযুক্তির এমন ইতিবাচক ব্যবহারের প্রশংসা করেন।
সামিটে বক্তারা বলেন, বর্তমানে তরুণ সমাজ মানসিক স্বাস্থ্য সমস্যা, সাইবার বুলিং, ট্রমা এবং সামাজিক চাপের মতো নানা সংকটের মুখোমুখি হলেও সামাজিক কুসংস্কারের কারণে এ নিয়ে উন্মুক্ত আলোচনার সুযোগ সীমিত। এই বাস্তবতায় তরুণ, পেশাজীবী ও সারভাইভারদের জন্য একটি নিরাপদ প্ল্যাটফর্ম গড়ে তুলতেই এই আয়োজন।
সম্মেলনে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা এমপি। অনুষ্ঠানের আহ্বায়ক ও এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ রিফাদ মাহমুদ এবং সারভাইভার্স পাথ ফাউন্ডেশনের চেয়ারম্যান মুনজিয়া স্নিগ্ধা মুনসহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাবের মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল, ডা. এসকে ফরিদ আহমেদ এবং ফাহাদ হোসেন। দিনব্যাপী এই আয়োজনে মানসিক স্বাস্থ্য সুরক্ষা, সাইবার নিরাপত্তা ও ডিজিটাল ওয়েলবিং নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
সম্মেলনের অন্যতম আকর্ষণ ছিল ‘সার্ভাইভার ক্রনিকলস’ এবং ‘সারভাইভার্স ম্যানিফেস্টো প্রণয়ন’ শীর্ষক বিশেষ সেশন, যেখানে ভুক্তভোগীদের সাহসিকতার গল্প ও তরুণদের নীতিগত দাবি নিয়ে আলোচনা করা হয়।
যুব উন্নয়ন ও মানসিক স্বাস্থ্য বিষয়ক দুটি পৃথক প্যানেল আলোচনায় অংশ নেন ইউএনডিপি বাংলাদেশের হেড অব কমিউনিকেশন আব্দুল কাইয়ুম, বিশিষ্ট সাইকোলজিস্ট ড. আতিকুল হক মজুমদার, গবেষক মাহাদি-উল-মোর্শেদ, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মওদুদুল হাসান, ডা. এ. কে. এম. আহসান হাবিব নাফি ও মেহেদী হাসান।
সিনোভিয়া, পার্লে অ্যাগ্রো, ফাহাদের টিউটোরিয়ালসহ বেশ কিছু প্রতিষ্ঠানের সহযোগিতায় আয়োজিত এই সামিট তরুণদের মানসিক স্বাস্থ্য সচেতনতা বাড়াতে এবং সারভাইভারদের অধিকার রক্ষায় একটি দীর্ঘমেয়াদি ও কার্যকর নেটওয়ার্ক গড়ে তুলবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।
আপনার মতামত লিখুন :