রাজশাহীতে রাসিক প্রশাসককে খ্রিস্টান সম্প্রদায়ের উষ্ণ সংবর্ধনা


বার্তা বিভাগ প্রকাশের সময় : মে ১৫, ২০২৬, ৮:৪৫ অপরাহ্ণ /
রাজশাহীতে রাসিক প্রশাসককে খ্রিস্টান সম্প্রদায়ের উষ্ণ সংবর্ধনা

রাজশাহী মহানগরীর কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ায় বর্ণিল আয়োজনে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শুক্রবার বিকেলে পবিত্র পরিবার ধর্মপল্লীর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে রাসিক প্রশাসককে সম্মাননা স্মারক প্রদান করা হয়। ধর্মপল্লীতে প্রশাসক পদার্পণ করলে খ্রিস্টান ধর্মাবলম্বীরা ঐতিহ্যবাহী নৃত্যের তালে তালে এবং উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে তাকে বরণ করে নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান ও উন্নয়ন নিশ্চিত করাই বর্তমান প্রশাসনের মূল লক্ষ্য। রাজশাহীকে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, সকল সম্প্রদায়ের মানুষের সুখ-দুঃখে পাশে থেকে একটি সুন্দর, স্বাস্থ্যকর ও উন্নত নগরী গড়ে তুলতে রাজশাহী সিটি কর্পোরেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠান চলাকালীন স্থানীয় নেতৃবৃন্দ এলাকার বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরলে প্রশাসক অত্যন্ত আন্তরিকতার সাথে তা শোনেন। তিনি জনস্বার্থে তাৎক্ষণিক ভাবে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাদের ডেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোরালো নির্দেশনা প্রদান করেন। প্রশাসকের এমন দ্রুত ও ইতিবাচক পদক্ষেপে উপস্থিত সকলে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পবিত্র পরিবার ক্যাথলিক গীর্জার পাল পুরোহিত ফাদার লিটন, গ্রাম প্রধান রাফায়েল মুর্মু, উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের মহানগর সভাপতি সুমী মুর্মুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাসিকের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বক্তারা রাজশাহীর উন্নয়নে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে প্রশাসকের বলিষ্ঠ ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতে এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও উন্নয়ন ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।