লালপুরে মাদক সেবনকালে যুবক আটক; ১ মাসের কারাদণ্ড


বার্তা বিভাগ প্রকাশের সময় : মে ১৫, ২০২৬, ৯:১০ অপরাহ্ণ /
লালপুরে মাদক সেবনকালে যুবক আটক; ১ মাসের কারাদণ্ড

রবিউল ইসলাম, রাজশাহী ব্যুরোঃ নাটোরের লালপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে একজনকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

শুক্রবার (১৫ মে) লালপুর থানা পুলিশের একটি বিশেষ দল মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় হোসেনপুর এলাকা থেকে মাদক সেবনরত অবস্থায় মোঃ শাকিল (২৬) নামের এক যুবককে হাতেনাতে আটক করে। আটককৃত শাকিল লালপুর থানার হোসেনপুর গ্রামের মৃত ইদু প্রামানিকের ছেলে।

আটকের পর ওই যুবককে লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবীর হোসেনের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এ সময় অপরাধ স্বীকার করায় আদালত তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা প্রদানের আদেশ দেন।

লালপুর থানা পুলিশ জানায়, মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে উপজেলাজুড়ে এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া শুরু হয়েছে।