
রাজধানীর উত্তরায় ‘মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে আমাদের প্রস্তাবনা’ শীর্ষক একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৪ মে) হেযবুত তওহীদের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এই বৈঠকে বর্তমান বিশ্বের অস্থিরতা, যুদ্ধ এবং ক্রমবর্ধমান মানবাধিকার লঙ্ঘনের চিত্র তুলে ধরা হয়।
অনুষ্ঠানে সংগঠনের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি তার বক্তব্যে বলেন, বর্তমান বৈশ্বিক ব্যবস্থা ফিলিস্তিন ও মিয়ানমারের মতো স্থানে মজলুম মানুষের অধিকার রক্ষায় চরমভাবে ব্যর্থ হয়েছে। বাংলাদেশেও গত কয়েক বছরে গণপিটুনি ও উগ্রবাদী সহিংসতার ধরনে উদ্বেগ প্রকাশ করে তিনি জানান, এসব ঘটনায় জানমালের ব্যাপক ক্ষতি হয়েছে যা জননিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে।
এই ভয়াবহ পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে হোসাইন মোহাম্মদ সেলিম ৯টি সুনির্দিষ্ট প্রস্তাবনা তুলে ধরেন।
এসব প্রস্তাবনার মধ্যে রয়েছে বিশ্বজুড়ে সাম্রাজ্যবাদী আগ্রাসন বন্ধ করা, ব্রিটিশ আমলের সেকেলে অর্থ-নির্ভর বিচারব্যবস্থার সংস্কার করে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা এবং পুলিশ বাহিনীকে প্রকৃত অর্থে জনবান্ধব হিসেবে গড়ে তোলা। এছাড়াও তিনি ঔপনিবেশিক আমলের বহুমুখী শিক্ষাব্যবস্থার পরিবর্তে একটি একক শিক্ষাব্যবস্থা প্রবর্তন এবং গণমাধ্যমকে কর্পোরেট ও রাজনৈতিক প্রভাবমুক্ত করার দাবি জানান। একইসাথে আন্তঃধর্মীয় সংলাপের মাধ্যমে একে অপরের বাক-স্বাধীনতা ও বিশ্বাসের প্রতি সম্মান নিশ্চিত করার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।
উগ্রবাদকে মানবাধিকার লঙ্ঘনের মূল কারণ হিসেবে চিহ্নিত করে এমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেন, উগ্রবাদীরা ধর্মগ্রন্থের ভুল ব্যাখ্যা দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। এটি মোকাবিলায় শুধু শক্তি প্রয়োগ বা প্রশাসনিক ব্যবস্থা যথেষ্ট নয়, বরং ইসলামের প্রকৃত শিক্ষার মাধ্যমে একটি শক্তিশালী পাল্টা আদর্শিক অবস্থান তৈরি করা জরুরি। তিনি জেহাদ ও কেতালের পার্থক্য স্পষ্ট করে উল্লেখ করেন যে, ব্যক্তিগত বা গোষ্ঠীগত সশস্ত্র হামলা ইসলামে সম্পূর্ণ অবৈধ এবং এটি স্রেফ সন্ত্রাসবাদ। তিনি অভিযোগ করেন যে, একটি উগ্রবাদী গোষ্ঠী হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার ও প্রাণনাশের হুমকি দিচ্ছে, যার ফলে ইতিমধ্যে সংগঠনের ৫ জন সদস্যকে হত্যা ও বহু ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে তিনি বর্তমান সংকটময় পরিস্থিতিতে রাষ্ট্র, গণমাধ্যম ও নাগরিক সমাজকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মাহবুব আলম মাহফুজের সঞ্চালনায় গোলটেবিল বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা খাদিজা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান, রুফায়দাহ পন্নী, ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক মুখলেছুর রহমানসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা। বক্তারা একটি উগ্রবাদমুক্ত ও মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে এসব প্রস্তাবনা বাস্তবায়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
আপনার মতামত লিখুন :