
নিজস্ব প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় পৌনে ৭ কেজি হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। বুধবার দিবাগত রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের মালবাগডাঙ্গা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিসি-১ এর একটি আভিযানিক দল জানতে পারে যে মালবাগডাঙ্গা বিলাত মন্ডলের টোলা এলাকায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য মজুত রয়েছে। তথ্যের সত্যতা যাচাই শেষে ওই এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে জয়নাল টুলু (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি মালবাগডাঙ্গা গ্রামের মৃত ইসরাইল হকের ছেলে। পরে তার বাড়ির গোয়ালঘরে তল্লাশি চালিয়ে একটি বস্তার ভেতরে লুকিয়ে রাখা ৬ কেজি ৮০০ গ্রাম হেরোইন উদ্ধার করে র্যাব সদস্যরা।
র্যাব-৫ এর মিডিয়া সেল জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধারকৃত হেরোইনসহ তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে উল্লেখ করে র্যাব জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :