
মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে অভিযান জোরদার করেছে ৫৩ বিজিবি। ঈদুল আজহা সামনে রেখে সীমান্তজুড়ে নজরদারি বাড়ানোর অংশ হিসেবে সোমবার (১৩ মে) সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে পৃথক অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সুন্দরপুর ও সূর্যনারায়নপুর ইউনিয়নের কয়েকটি সীমান্তবর্তী এলাকা থেকে ৪টি ভারতীয় গরু জব্দ করা হয়েছে। বিজিবি জানায়, হাকিমপুর, ফরিদপুর, মনাকষা ও জহুরপুর বিওপি এলাকার অভিযানে এসব গরু উদ্ধার করা হয়।
জব্দকৃত গরুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ ৪০ হাজার টাকা। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে গরুগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।
৫৩ বিজিবি সূত্রে জানা গেছে, চলতি মে মাসে এখন পর্যন্ত সীমান্ত এলাকায় বিভিন্ন অভিযানে মোট ১৬টি গরু জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ২৯ লাখ ৪০ হাজার টাকা।
এ বিষয়ে ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি বলেন, সীমান্ত পথে চোরাচালান ঠেকাতে বিশেষ টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। দুর্গম এলাকা ও নদীপথেও নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :