
সমিত রায়,বাগমারা,রাহশাহীঃ রাজশাহীর বাগমারা উপজেলায় আবদুল হান্নান (৪৫) নামে এক অটোভ্যান চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার বাসুপাড়া ইউনিয়নের সাঁইপাড়া গ্রাম থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে একটি সড়ক দুর্ঘটনায় আহত হন আবদুল হান্নান। দীর্ঘদিন চিকিৎসার পর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। এরপর থেকেই তাঁর আচরণে অস্বাভাবিকতা দেখা দেয় এবং পরিবার চিকিৎসার ব্যবস্থাও করে।
মঙ্গলবার সকালে স্ত্রী ও সন্তানদের সঙ্গে বাড়ির পাশে বালু বহনের কাজ করছিলেন তিনি। সকাল সাড়ে ১০টার দিকে পরিবারের অজান্তে সেখান থেকে চলে যান। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের একটি পানবরজে তাঁকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান স্বজনরা। দ্রুত উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী রাহিমা খাতুন জানান, এর আগেও আবদুল হান্নান আত্মহত্যার চেষ্টা করেছিলেন। ছেলে রায়হান হোসেন বলেন, সকালে পরিবারের সবার সঙ্গে কাজ করার সময় সুযোগ বুঝে তিনি এই ঘটনা ঘটান।
বাসুপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তোফাজ্জল হোসেন জানান, দুর্ঘটনার পর থেকেই আবদুল হান্নান মানসিক সমস্যায় ভুগছিলেন।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
আপনার মতামত লিখুন :