চাঁদা ছাড়া হবেনা বাড়ি নির্মাণ! দুর্বৃত্তরা কাটলো ২৫টি আমগাছ


বার্তা বিভাগ প্রকাশের সময় : মে ২১, ২০২৬, ১:১০ পূর্বাহ্ণ /
চাঁদা ছাড়া হবেনা বাড়ি নির্মাণ! দুর্বৃত্তরা কাটলো ২৫টি আমগাছ

বাগমারা প্রতিনিধি: বাড়ি নির্মাণ কাজে দুর্বৃত্তদের দাবি করা চাঁদা না দেওয়ায় এক কৃষকের ২৫টি আমগাছসহ প্রায় অর্ধশত ফলদ ও সবজি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৯ মে) সকালে রাজশাহীর বাগমারা উপজেলার যোগীপাড়া ইউনিয়নের ভটখালী গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় বুধবার (২০ মে) সন্ধ্যায় ভুক্তভোগী কৃষক মোঃ বিষু আলী সাকিদার বাদী হয়ে বাগমারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী মোঃ বিষু আলী সাকিদার সম্প্রতি উপজেলার ভটখালী ব্রিজের পাশে নিজের একটি বাড়ি নির্মাণ কাজ শুরু করেন। বাড়ি নির্মাণের খবর পেয়ে প্রতিবেশী ওহাব আলীর নেতৃত্বে সাইফুল ইসলাম, নূর বক্স, দুলাল হোসেন ও আব্দুর রাজ্জাকসহ এলাকার একটি চিহ্নিত সংঘবদ্ধ চক্র বিষু আলীর কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে।

বিষু আলী ওই চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মঙ্গলবার সকালে দুর্বৃত্তরা লাঠি, লোহার রড, সাবল, কোদালসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তার বাগানে চড়াও হয়। তারা প্রকাশ্যে বাগানের ২৫টি আমগাছ, ৩টি মাল্টা গাছ এবং ২০টি সজনে গাছ কেটে মাটির সাথে মিশিয়ে দেয়। অভিযোগে দাবি করা হয়েছে, গাছগুলো কেটে ফেলায় ওই কৃষকের প্রায় ৪০ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

ভুক্তভোগী বিষু আলী সাকিদার বলেন, ওরা যখন নির্মমভাবে গাছগুলো কাটছিল, আমি বাধা দিতে গিয়েছিলাম। কিন্তু অভিযুক্তরা উল্টো আমাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখায় এবং প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। আমি এর সুষ্ঠু বিচার চাই।

এ বিষয়ে যোগাযোগ করা হলে বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি জানার পর এবং লিখিত অভিযোগ পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।