
রাজশাহী ব্যুরোঃ রাজশাহীর উপশহর নিউমার্কেট এলাকায় অবস্থিত Future Ummah International School–এ আয়োজন করা হয়েছে শিশুদের জন্য এক অভিনব ‘হজ সিমুলেশন প্রোগ্রাম’। পবিত্র হজের বিভিন্ন ধাপ শিশুদের কাছে সহজ ও বাস্তবধর্মীভাবে তুলে ধরতেই এই বিশেষ উদ্যোগ নেয় স্কুল কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে কোমলমতি শিক্ষার্থীরা ইহরাম পরে অংশ নেয় এবং তাদের কণ্ঠে ধ্বনিত হয় তালবিয়া— “লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক”। পুরো ক্যাম্পাসজুড়ে তৈরি হয় হজের আবহ।
শিশুদের বাস্তব অভিজ্ঞতা দিতে স্কুলে তৈরি করা হয় প্রতীকী পাসপোর্ট, ভিসা ও বোর্ডিং পাস সংগ্রহের কাউন্টার। এরপর ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে তারা ‘ফিউচার উম্মাহ এয়ারলাইন্স’ নামে তৈরি একটি ডামি বিমানে চড়ে হজযাত্রার অভিজ্ঞতা লাভ করে। এ সময় শিক্ষার্থীদের ইহরামের নিয়ম, নিয়ত ও হজের মৌলিক বিষয়গুলো হাতে-কলমে শেখানো হয়।
মক্কার পরিবেশ ফুটিয়ে তুলতে শ্রেণীকক্ষে নির্মাণ করা হয় কাবা শরিফের প্রতিরূপ। শিক্ষকদের তত্ত্বাবধানে শিশুরা তাওয়াফ সম্পন্ন করে এবং পরে সাফা-মারওয়ার প্রতীকী স্থানে সাঈ পালন করে।
এছাড়া মুজদালিফার আদলে তৈরি একটি স্থানে কঙ্কর সংগ্রহের অনুশীলন করানো হয়। পরে জামারাতে প্রতীকী শয়তানকে লক্ষ্য করে পাথর নিক্ষেপের মাধ্যমে শিশুদের আত্মশুদ্ধি ও অন্যায়ের বিরুদ্ধে অবস্থানের শিক্ষা দেওয়া হয়।
কুরবানির তাৎপর্য বোঝাতে ব্যবহার করা হয় তুলা দিয়ে তৈরি কৃত্রিম ভেড়ার মডেল। এতে অংশ নিয়ে শিশুরা ত্যাগ ও আত্মনিবেদনের গুরুত্ব সম্পর্কে ধারণা পায়। সবশেষে বিদায়ী তাওয়াফের মধ্য দিয়ে শেষ হয় পুরো আয়োজন।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, পাঠ্যবইয়ের গণ্ডির বাইরে গিয়ে শিশুদের ধর্মীয় শিক্ষা বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে উপস্থাপন করাই তাদের উদ্দেশ্য। ইসলামী মূল্যবোধ, নৈতিকতা ও দ্বীনের প্রতি ভালোবাসা গড়ে তুলতে ভবিষ্যতেও এমন কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
এই ব্যতিক্রমী আয়োজন অভিভাবক, শিক্ষক ও দর্শনার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও উদ্যোগটি ইতোমধ্যে প্রশংসিত হচ্ছে।
আপনার মতামত লিখুন :